সরকারের বর্তমান পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন হলে আগামী দুই-তিন বছরের মধ্যে বিদ্যুৎসংকট কাটতে পারে বলে মত দিয়েছেন বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এলেন গোল্ডস্টেইন। বিদ্যুৎ খাতের উন্নয়নে বিশ্বব্যাংকের সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। বিশ্বব্যাংক কর্মকর্তা গত বৃহস্পতিবার টাঙ্গাইলের তিনটি স্থানে তিন ধরনের বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। তাঁর পরিদর্শনের মধ্যে ছিল এলেঙ্গায় বেসরকারি খাতের ডরিন পাওয়ার কোম্পানির বিদ্যুৎকেন্দ্র, কালিহাতী উপজেলার কস্তুরীপাড়া গ্রামে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন প্রকল্প এবং টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম। এই প্রকল্পগুলোতে বিশ্বব্যাংকের সহায়তা রয়েছে।ডরিন পাওয়ার: বৃহস্পতিবার বেলা ১১টায় আমরা যখন বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সঙ্গে পৌঁছাই, তখন পল্লী বিদ্যুতের (আরইবি) ৩৩ কেভি স্থানীয় গ্রিড ২২ মেগাওয়াটের কিছু বেশি বিদ্যুৎ পাচ্ছিল এ কেন্দ্রটি থেকে। ২০০৮ সালের নভেম্বর মাসে তত্ত্বাবধায়ক সরকারের আমলে কেন্দ্রটিতে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। এর পর থেকে এটি নিরবচ্ছিন্নভাবে উৎপাদনে রয়েছে এবং সরকারের সঙ্গে করা চুক্তি অনুযায়ী ২২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছে। গ্যাসভিত্তিক এই কেন্দ্রে প্রতিদিন ৬৫ লাখ ঘনফুট গ্যাস ব্যবহূত হচ্ছে।এই কেন্দ্র স্থাপনে বিশ্বব্যাংকের সহযোগিতা প্রসঙ্গে সংস্থার অর্থনৈতিক বিশ্লেষক জুবায়ের কে এম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে দীর্ঘমেয়াদি ঋণের সমস্যা নিরসনে বিশ্বব্যাংক ২০০৬ সালে বাংলাদেশ সরকারের সঙ্গে একটি ঋণ চুক্তি করে। সে অনুযায়ী ‘ইনভেস্টমেন্ট প্রোমোশন অ্যান্ড ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (আইপিপিএফ)’ প্রকল্পের আওতায় সরকারকে চার কোটি ৭৫ লাখ মার্কিন ডলারের একটি তহবিল দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক এ থেকে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ঋণ দিচ্ছে। এই প্রকল্পে আরও ২৫ কোটি ডলার দেওয়ার ব্যাপারে আলোচনা হচ্ছে। ডরিন পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক তাহজীব আলম সিদ্দিকী বলেন, বিশ্বব্যাংকের ওই অর্থ ছিল বলে সহজে স্বল্পতম সময়ে ঋণ পাওয়া গেছে। কস্তুরীপাড়ায় সৌরবিদ্যুৎ: কালিহাতীর এ প্রত্যন্ত গ্রামের দুই কিশোর জাহিদুল সিকদার ও মো. শাহ্ পরান। ষষ্ঠ শ্রেণীর এ দুই ছাত্র পড়াশোনায় খুব আগ্রহী। গ্রামে গ্রিডের বিদ্যুৎ না থাকলেও জাহিদুল রাতে পড়াশোনা করে সৌরবিদ্যুতের আলোয়। তবে শাহ্ পরানের বাড়িতে তা নেই। স্থানীয় মাদ্রাসার মাঠে সৌরবিদ্যুৎ বিষয়ে সমাবেশ চলার সময় পাশেই এই প্রতিবেদকের কথা হয় ওই দুই কিশোরের সঙ্গে। জাহিদুল বলছিল, বিদ্যুতের আলোয় রাতে পড়াশোনা করতে তার ভালো লাগে। রাত প্রায় ১১টা পর্যন্ত পড়তে পারে সে। অন্যদিকে, হ্যারিকেনের আলোয় ‘পড়তে তেমন মন বসে না’ বলে তাড়াতাড়ি পড়ার পাট চুকায় শাহ্ পরান। তা ছাড়া কেরোসিনের চড়া দামের ব্যাপার তো আছেই। সৌরবিদ্যুৎ গ্রামটির অর্থনৈতিক কার্যক্রমেও গতি এনেছে। গরু ও মুরগির খামার এবং ধান-চাল প্রক্রিয়াকরণের মতো উদ্যোগ সফলভাবে চলছে। কস্তুরীপাড়ার পার্শ্ববর্তী ঘুনিপাড়া গ্রামের কৃষক আফসার আলী বলেন, ‘আমি গেরস্ত মানুষ। যহন ধান উঠবে তখন উঠানে একটা বাতি দিয়া অনেক রাত পর্যন্ত দলাই-মাড়াই করা যায়।’ আফসার আলী ৪০ ওয়াটের একটি প্যানেল লাগিয়েছেন বাড়িতে। প্রতি কিস্তিতে ৭০০ টাকা করে ২২টি কিস্তি পরিশোধও করা হয়েছে। আর বেশি কিস্তি বাকি নেই তাঁর। সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সহায়তায় বিশ্বব্যাংক সরকারি খাতের ‘ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) মাধ্যমে আর্থিক সহায়তা দিয়ে থাকে।টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি: ১৯৮১ সালে শুরুর পর থেকে অনেক প্রসার ঘটেছে এই সমিতির কার্যক্রমের। বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সামনে সমিতির এযাবত্কালের কার্যক্রম উপস্থাপন করেন মহাব্যবস্থাপক মো. ওবায়দুর রহমান। সারা দেশে পল্লী বিদ্যুতের কার্যক্রম সম্প্রসারণেও বিশ্বব্যাংকের ভূমিকা দীর্ঘদিনের। তবে এ সময় জানানো হয়, প্রায় দুই বছর ধরে কোনো নতুন উন্নয়ন প্রকল্প না থাকায় বর্তমানে এ সমিতির কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। চলতি অর্থবছরে টাঙ্গাইল সমিতির নতুন কোনো সম্প্রসারণ কার্যক্রম নেই। দেশের অন্যান্য সমিতিরও একই অবস্থা। টাঙ্গাইল সমিতির বর্তমান সর্বোচ্চ চাহিদা প্রায় ৫০ মেগাওয়াট। রাত ১১টা থেকে সেচের জন্য ২৬ মেগাওয়াটের মতো পায়। কিন্তু রাত আটটার দিকে, সাধারণ গ্রাহকদের সর্বোচ্চ ব্যবহারের সময় বিদ্যুৎ পায় মাত্র ১৫ মেগাওয়াটের মতো।কান্ট্রি ডিরেক্টরের ব্রিফিং: এই পরিদর্শনকালে এলেন গোল্ডস্টেইন বিদ্যুৎ খাতে বিশ্বব্যাংকের সহযোগিতার কথা উল্লেখ করেন একাধিকবার। তবে সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিশ্বব্যাংকের আর্থিক ও কারিগরি সহযোগিতায় সিদ্ধিরগঞ্জে ৩০০ মেগাওয়াট ক্ষমতার পিকিং বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের বাস্তবায়ন এক দশক ধরে ঝুলে আছে। বিবিয়ানা ৪৫০ মেগাওয়াটের প্রথম ইউনিটটি স্থাপনের কাজও বিলম্বিত হচ্ছে। চলতি গ্রীষ্মে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য গত ফেব্রুয়ারি মাসে প্রায় দুই কোটি বাল্ব বিতরণের যে উদ্যোগ সরকার নিয়েছিল, তাও বিলম্বিত হচ্ছে বিশ্বব্যাংকের আমলাতন্ত্রের কারণে।