দুই থানার ওসি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর ও করিমগঞ্জ উপজেলায় যুবলীগ নেতা, কলেজছাত্রসহ তিন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমজাদ হোসেন ও করিমগঞ্জ থানার ওসি আক্তারুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, বাজিতপুরের যুবলীগ নেতা আলম মিয়া ওরফে সবুজের তিন টুকরা লাশ উদ্ধারসহ উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে ওসি আমজাদ হোসেনকে কিশোরগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তাঁর স্থলে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা থেকে আমিনুল ইসলাম ওসি হিসেবে গতকাল সোমবার যোগদান করেছেন।২৪ আগস্ট উপজেলার সরারচর ইউনিয়নের নূরপুর সিংধা বিল থেকে বস্তাবন্দী অবস্থায় আলমের তিন টুকরা লাশ উদ্ধার করে পুলিশ। করিমগঞ্জ উপজেলার লাখপুর ও দেহুন্দা গ্রামের লোকজনের মধ্যে গত শুক্রবার সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত কলেজছাত্র মো. জাকারুলের গতকাল সকালে মৃত্যু হয়। এ ঘটনায় এর আগে শুক্রবার মো. জাকারুলের চাচা কুবেদ আলী (৫০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় থানার ওসি আক্তারুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।