দুই থানার ১৫ পুলিশ সদস্য প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনসিডিল বিক্রিসহ বিভিন্ন অভিযোগে সাভার মডেল থানা ও আশুলিয়া থানার আটজন উপপরিদর্শকসহ পুলিশের ১৫ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গত সোমবার ও গতকাল মঙ্গলবার তাঁদের ঢাকা জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। গতকাল প্রথম আলোর শেষের পাতায় ‘থানায় ফেনসিডিল ব্যবসা!’ শিরোনামে সংবাদ প্রকাশের পর ঘটনা তদন্তে গতকাল দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা গতকালই কাজ শুরু করেছেন। গতকালই সাভার থানার উপপরিদর্শক (এসআই) পল্টু ঘোষ, সহকারী উপপরিদর্শক (এএসআই) জাফর ইকবাল, কনস্টেবল আবদুল মালেক, হুমায়ুন কবীর, লুৎফর রহমান ও রহমত আলীকে প্রত্যাহার করা হয়। এ ছাড়া মাদকদ্রব্য উদ্ধারে ব্যর্থ হওয়ার কারণ উল্লেখ করে ঢাকার পুলিশ সুপার মিজানুর রহমান এক আদেশে আশুলিয়া থানার এসআই আবুল বাশার, সাইফুল ইসলাম, ইলিয়াছুর রহমান, আইয়ুব হোসেন, এ কে আজাদ এবং সাভার থানার এসআই মনিরুজ্জামান ও ফরিদ, এএসআই আমিরুল ইসলাম ও ফজলার রহমানকে সোমবার রাতে পুলিশ লাইনে প্রত্যাহার করেছেন। সাভার মডেল থানার কয়েকজন কর্মকর্তা ও কনস্টেবলের বিরুদ্ধে ফেনসিডিল বিক্রির অভিযোগ অনেক দিনের। বিভিন্ন অভিযানে আটক করা ফেনসিডিল উদ্ধার না দেখিয়ে, আবার কখনো কম উদ্ধার দেখিয়ে থানায় রেখে বিক্রি করা হয় বলে অভিযোগ রয়েছে। এ-সংক্রান্ত একটি প্রতিবেদন গতকাল প্রথম আলোতে প্রকাশের পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পুলিশের একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ওই প্রতিবেদনের ভিত্তিতে অভিযোগ তদন্তে গতকাল ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) আবদুল্লাহ আল মামুনকে প্রধান করে তিন সদস্যের এবং ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়াকে প্রধান করে তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়। ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন ও ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়াসহ তদন্ত কমিটির সদস্যরা গতকাল দুপুরে সাভার থানায় গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কনস্টেবলদের জিজ্ঞাসাবাদ করেন। এর আগে ঢাকার পুলিশ সুপার মো. মিজানুর রহমান সাভার থানায় গিয়ে অভিযুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি এসআই পল্টু ঘোষ ও এএসআই জাফর ইকবাল ও চার কনস্টেবলকে সাভার থানা থেকে ঢাকার পুলিশ লাইনে প্রত্যাহারের নির্দেশ দেন। ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। যোগাযোগ করা হলে অতিরিক্ত উপমহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছি। তদন্ত শেষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।