দুই থানায় দুই পক্ষের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ার শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রে পাথর সরবরাহ করা নিয়ে সাংসদের ভাইকে লাঞ্ছিত করার ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। গত রোববার রাতে পটিয়া থানায় সাংসদের ভাই ও কর্ণফুলী থানায় প্রতিপক্ষ মামলা করেছে।
গত রোববার বিদ্যুৎ কেন্দ্রে পাথর সরবরাহ করা নিয়ে দ্বন্দ্বে পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরীর ছোট ভাই মজিবুল হক চৌধুরীকে লাঞ্ছিত করেন কর্ণফুলী থানা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলম।
পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ চৌধুরী জানান, মজিবুল হক চৌধুরীর কাছে চাঁদা দাবি ও তাঁকে মারধর করার অভিযোগে তিনি বাদী হয়ে মামলা করেছেন। এতে কর্ণফুলী থানা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলমকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
কর্ণফুলী থানার এসআই রাজীব কুমার দাশ জানান, মেসার্স এ এইচ এন্টারপ্রাইজের মালিক আনোয়ার হোসেন বাদী হয়ে সাংসদের ভাইসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন।