দুই দপ্তরের ঠেলাঠেলিতে শুরু হয়নি গম কেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলা খাদ্যগুদামে এখনো গম কেনা শুরু হয়নি। তাই বাধ্য হয়ে কৃষকেরা উৎপাদিত গম কম দরে ফড়িয়াদের কাছে বিক্রি করে দিচ্ছেন। এ নিয়ে কৃষকেরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।
এদিকে সংবাদ প্রকাশের পর রংপুরের তারাগঞ্জে শুরু হয়েছে সরকারি গুদামে গম কেনা। গতকাল মঙ্গলবার থেকে এ কার্যক্রম শুরু হয়।
বদরগঞ্জে সরকারিভাবে গম ক্রয় শুরু না করার কারণ জানতে চাইলে উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা পরস্পরের ওপর দায় চাপান। কবে নাগাদ ক্রয় অভিযান শুরু হবে, তাও নিশ্চিত করে জানাতে পারছেন না খাদ্য কর্মকর্তা। সারা দেশে গত ১৮ এপ্রিল থেকে ক্রয় অভিযান শুরু হয়। চলবে ৩০ জুন পর্যন্ত। ২৮ টাকা কেজি দরে কৃষকের কাছ থেকে সরকার ওই গম ক্রয় করছে।
বদরগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় সরকারিভাবে এবার ৩১৭ টন গম ক্রয় করা হবে।
আমরুলবাড়ি গ্রামের গমচাষি আবু বক্কর সিদ্দিক বলেন, ‘গম কাটার পর থাকি শোনোচি সরকার ২৮ টাকা কেজি দামে কিনবে। বাচ্চায় (কেনার অপেক্ষায়) থাকতে থাকতে তাক বাজারোত ১৭ টাকা কেজি দামোত বেচেয়া ধানের আবাদোত নাগাইনো। হামার গ্রামোত কোনো কেষকের ঘরোত এ্যালা গম নাই।’
কালুপাড়া ইউনিয়নের মোকরেরপাড়া গ্রামের কৃষক আজাদুল হক বলেন, ‘আমরা ধারদেনা করে গম চাষ করি। জমি থেকে কাটা-মাড়াইয়ের পর তা বিক্রি করে সংসার ও পরবর্তী আবাদে লাগাই। এত দিন সরকার গম কেনে নাই। কৃষকেরা উৎপাদিত গম বাজারে কম দামে বিক্রি করেছেন। সেই গম ব্যবসায়ীরা কিনে মজুত করে রেখেছেন। সরকারি লোকজন এখন কৃষকের কথা বলে ব্যবসায়ীদের সঙ্গে আঁতাত করে ওই গম বেশি দামে গোডাউনে কিনবে। এতে লাভবান হবেন গোডাউনের কর্মকর্তা ও ব্যবসায়ীরা। দুর্ভাগা কৃষকের করার কিছুই থাকবে না।’
আসমতপাড়া গ্রামের কৃষক বরকত উল্ল্যাহ অভিযোগ করেন, ‘কৃষকেরা কখনোই খাদ্য অফিসে ধান-গম বিক্রি করতে পারে নাই, পারবেও না। বিক্রি করতে গেলেই নানান ফ্যাকড়া বের করে গোডাউনের অফিসাররা।’
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা কৃষি কার্যালয়ের দুজন উপসহকারী কৃষি কর্মকর্তা অভিযোগ করেন, ‘এখন কৃষকের ঘরে গম নেই। খাদ্য অফিস চাচ্ছে কৃষি দপ্তর থেকে গমচাষির তালিকা। গত বছর সঠিক তালিকা তৈরি করে খাদ্য অফিসে দেওয়া হয়েছিল। এতে ক্ষমতাসীন রাজনৈতিক দলের কয়েকজন নেতা-কর্মীর নাম বাদ যাওয়ায় তাঁরা আমাদের ওপর চড়াও হয়েছিলেন।’
আরেকজন উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, কৃষকদের কাছ থেকে কম দামে গম কিনে মজুত করে রাখছেন ব্যবসায়ীরা। পরে তাঁরা কৃষকের নামে-বেনামে এই গম বেশি দামে খাদ্যগুদামে বিক্রি করবেন রাজনৈতিক নেতা ও গুদামের কর্মকর্তাদের যোগসাজশে।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রক ও গম ক্রয় কমিটির সদস্যসচিব মকবুল হোসেন বলেন, গমচাষিদের তালিকা দেওয়ার জন্য প্রতিদিন উপজেলা কৃষি কর্মকর্তাকে বলা হচ্ছে। তিনি তা না দেওয়ায় ক্রয় অভিযান শুরু করা যাচ্ছে না।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবর রহমান বলেন, ‘৯৫ ভাগ চাষির ঘরে এখন গম নেই। তবু প্রকৃত গমচাষিদের তালিকা তৈরির কাজ চলছে। আগামী দু-তিন দিনের মধ্যে তালিকা খাদ্য বিভাগে জমা দেওয়া হবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কৃষকেরা একটি ফসল বিক্রি করে টাকা পরের ফসল আবাদে লাগান। এ কারণে তাঁরা উৎপাদিত ফসল ঘরে বেশি দিন মজুত রাখতে পারেন না। শুরুতেই গম ক্রয়ের উদ্যোগ নিলে কৃষকেরা উপকৃত হতেন।
এদিকে শেষপর্যন্ত তারাগঞ্জে গম সংগ্রহের অভিযান উদ্বোধন করা হয়েছে। ৪ মে প্রথম আলোর বিশাল বাংলায় ‘তারাগঞ্জে শুরু হয়নি গম কেনা, কৃষক লোকসানে’ শিরোনামে সংবাদ প্রকাশের পর গম কেনা শুরু করা হলো। ইউএনও জিলুফা সুলতানা গতকাল মঙ্গলবার বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এবার ২৮ টাকা কেজি দরে ১২৫ মেট্রিক টন গম কেনা হবে। ৩০ জুন পর্যন্ত কৃষকদের কাছ থেকে সরাসরি গম কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল বাতেন বলেন, একজন কৃষক খাদ্যগুদামে ৫০ থেকে ৫০০ কেজি পর্যন্ত গম দিতে পারবেন। সরকারি মূল্যে গুদামে গম বিক্রি করতে গেলে কৃষককে (কৃষি কার্ডের ভিত্তিতে) সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা ও চেয়ারম্যানের প্রত্যয়নপত্র নিয়ে গুদামে আসতে হবে।