দুই দফা দাবিতে কারিগরি ছাত্র পরিষদের বিক্ষোভ
দুই দফা দাবিতে বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের (বাকাছাপ) চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট ও চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখার শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজ নিজ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন।
বাংলাদেশ ডিপ্লোমা প্রকৌশল পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ-ঘোষিত নয় দিনব্যাপী আন্দোলনের কর্মসূচি হিসেবে তাঁরা এসব কর্মসূচি পালন করেন।
তাঁদের দাবি দুটি হলো ডিপ্লোমা প্রকৌশলীদের বেতনবৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং দুটি আন্তমন্ত্রণালয়ের সুপারিশ বাস্তবায়ন।
বাকাছাপের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এবং মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সাধারণ সম্পাদক শারমিন মুনমুন প্রথম আলোকে বলেন, ‘আমরা দ্রুত দুই দফার বাস্তবায়ন চাই। ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে আমাদের আন্দোলন করেছি, দাবিদাওয়ার পক্ষে মতামত তুলে ধরেছি। আগামী ২২ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি রয়েছে। এর পরও দাবি আদায় না হলে সংগ্রাম পরিষদের নির্দেশনা মেনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’
গতকাল দুপুরে একই সময়ে নগরের হালিশহর মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট ও নাসিরাবাদ পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাস এলাকায় মিছিল করেন। মহিলা ইনস্টিটিউটের সমাবেশে বক্তব্য দেন আইরিন শেখ, ফৌজিয়া সুলতানা, শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশীদ এবং রুহুল আমিন, ফারজানা মল্লিক, রুমানা পারভীন প্রমুখ। নাসিরাবাদ পলিটেকনিক ইনস্টিটিউটের সমাবেশে বক্তব্য দেন মো. এমরান, রায়হানুল কবীর, আমিনুল ইসলাম, মো. হেদায়েত উল্লাহ প্রমুখ।