দুই দফা দাবিতে কালেক্টরেট সমিতির মানববন্ধন
দুই দফা দাবিতে ফরিদপুর, মাগুরা ও পিরোজপুরে গতকাল রোববার মানববন্ধন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) সদস্যরা৷ একই দাবিতে তাঁরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন৷
তাঁদের দাবি, সচিবালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারীদের সুযোগ-সুবিধার আলোকে পদবি পরিবর্তন করা এবং উপসহকারী ভূমি কর্মকর্তাদের (তহশিলদার) বেতন স্কেলের সঙ্গে তৃতীয় শ্রেণির কর্মচারীদের বেতন স্কেল সমন্বয় করা৷
আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর: সমিতির তৃতীয় শ্রেণির কর্মচারীরা সকাল নয়টায় কার্যালয়ের হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে দিনব্যাপী কর্মবিরতি পালন করেন৷ এ সময় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমাবেশ ও বিক্ষোভ করেন তাঁরা৷ পরে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে দুপুর ১২টায় মানববন্ধন হয়৷ সমিতির জেলা শাখার সভাপতি আক্কাস আলী মিয়ার সভাপতিত্বে এতে বক্তৃতা করেন মো. ইউনুস মিয়া, মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস, আলমগীর হোসেন, মিজানুর রহমান, রাজীবুল মৃধা প্রমুখ৷ বক্তারা অবিলম্বে দুই দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান৷
মাগুরা: সকাল নয়টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সমিতির সদস্যরা কর্মবিরতি শুরু করেন৷ দুপুরে সেখানে মিছিল ও সমাবেশ হয়৷ সমাবেশে সমিতির মাগুরা জেলা শাখার সভাপতি মো. আছাদুজ্জামান, সাধারণ সম্পাদক মো. নবীরুজ্জামান বক্তব্য দেন৷ সভায় চার উপজেলা থেকে আসা কর্মচারীরাও অংশ নেন৷
মঠবাড়িয়া (পিরোজপুর): গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে এ কর্মসূচি পালন করা হয়৷ এ সময় জেলা কর্মচারী সমিতির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন আবদুল হাকিম হাওলাদার, কাজী নজরুল ইসলাম, প্রশান্ত গুহ, নাছিমা আক্তার, সোহেল রানা, রেজাউল করিম, আবদুল মালেক শেখ প্রমুখ৷