দুই দফা দাবিতে ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মবিরতি পালন
দুই দফা দাবিতে চট্টগ্রামের ডিপ্লোমা প্রকৌশলীরা গতকাল রোববার বিভিন্ন সরকারি-বেসরকারি কার্যালয়ের সামনে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছেন। বাংলাদেশ ডিপ্লোমা প্রকৌশলী পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ চট্টগ্রামের আয়োজনে তাঁরা এসব কর্মসূচি পালন করেন।
গতকাল কর্মবিরতি চলাকালে প্রকৌশলীরা বিদ্যুৎ ভবন, বন্দর ভবন, ইস্টার্ন কেব্লস, গণপূর্ত ভবন, সিটি করপোরেশন ভবন, সড়ক ও জনপথ কার্যালয়, এলজিইডি ভবন, পানি উন্নয়ন বোর্ড, শিক্ষা প্রকৌশল কার্যালয়ের সামনে পৃথক জমায়েত ও বিক্ষোভ সমাবেশ করেন।
এসব সমাবেশে বক্তব্য দেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (ডিপ্রকৌস) চট্টগ্রামের সভাপতি জাফর আহমদ সাদেক, সাধারণ সম্পাদক মো. হায়দার আলী, চট্টগ্রাম ওয়াসা ডিপ্রকৌসের সভাপতি নুরুল আবছার, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, চট্টগ্রাম বন্দর ডিপ্রকৌসের সভাপতি ও সংগ্রাম পরিষদ চট্টগ্রামের আহ্বায়ক জালাল উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সুজাউল হক, সংগ্রাম পরিষদ চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক মো. আবদুস সহিদ, সদস্যসচিব মো. রহিম উল্লাহ, যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী, সওজ ডিপ্রকৌসের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন প্রমুখ। এসব কর্মসূচিতে চট্টগ্রামের সরকারি-বেসরকারি ৬৩টি সংস্থায় কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে নেতারা অবিলম্বে ডিপ্লোমা প্রকৌশলীদের দুই দফা ন্যায্য দাবি মেনে নেওয়ার জোর দাবি জানান। দুই দফা দাবির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত দুটি আন্তমন্ত্রণালয় কমিটির সুপারিশ বাস্তবায়ন এবং ইঞ্জিনিয়ারিং সার্ভিসে টাইমবার পদোন্নতি প্রবর্তন, ইঞ্জিনিয়ারিং সার্ভিসকে ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিংয়ে ভাগ করে ডিপ্লোমা প্রকৌশলীদের ফিল্ড ইঞ্জিনিয়ারিংয়ের দায়িত্ব প্রদান, প্রশাসনিক পদে কারিগরি পেশাজীবীদের বদলে জেনারেল শিক্ষিতদের পদায়ন।