দুই দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, চট্টগ্রাম’-এর ব্যানারে গতকাল রোববার সকালে নগরের জামাল খানে প্রেসক্লাব ভবনের সামনে দুই দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
দাবি দুটি হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা প্রদান ও প্রধান শিক্ষকদের সঙ্গে বেতনবৈষম্য দূর করা এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদান।
মানববন্ধন শেষে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুল আলম, সংগঠনের মহানগর শাখার নেতা ফখরুল ইসলাম, মোহাম্মদ আলী, নজরুল ইসলাম, মোহাম্মদ মোস্তফা প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার প্রজ্ঞাপন জারি করলেও তাতে সহকারী শিক্ষকদের পদমর্যাদার কোনো উন্নতি ঘটেনি। তাঁরা এখনো তৃতীয় শ্রেণীতেই রয়ে গেছেন।
বক্তারা অভিযোগ করেন, ১৯৮৫ থেকে চলতি ২০১৪ সাল পর্যন্ত প্রধান শিক্ষকদের সঙ্গে সহকারী শিক্ষকদের বেতন ধাপের ব্যবধান ক্রমেই বেড়ে চলেছে। নার্স, ভূমি কর্মকর্তা, পুলিশসহ বিভিন্ন পেশার তৃতীয় শ্রেণীর কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়েছে। অথচ দেশ গড়ার কারিগর শিক্ষকেরা বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন।
সংবাদ সম্মেলনে বক্তারা আশাবাদ জানিয়ে বলেন, বর্তমার সরকার উন্নয়নবান্ধব ও শিক্ষানুরাগী। সরকার উন্নত জাতি গঠনে মানুষ গড়ার কারিগর শিক্ষকদের দুই দফা শিগগিরই মেনে নেবে বলে তাঁদের বিশ্বাস।