দুই দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি
দুই দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা। গতকাল বৃহস্পতিবার মানিকগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে সংগঠনের জেলা শাখা এই স্মারকলিপি দেয়।
সমিতি সূত্রে জানা গেছে, ২০১৩ সালে দেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়। ২০১৪ সালের ৯ মার্চ প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা ও সহকারী শিক্ষকদের স্কেল এক ধাপ উন্নীতকরণের ঘোষণা করা হয়। তবে তিন বছরেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে প্রধান শিক্ষকেরা উন্নীত স্কেল ও দ্বিতীয় শ্রেণির পদমর্যাদার কোনো সুবিধা পাচ্ছেন না। উল্টো শিক্ষকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ২০০৯ সাল থেকে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি বন্ধ আছে। এ কারণে সারা দেশে প্রায় ২১ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য আছে। এতে মানসম্মত প্রাথমিক শিক্ষা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। ইতিমধ্যে পদোন্নতিবঞ্চিত হয়ে অনেক শিক্ষক অবসর নিয়েছেন। অনেকে মৃত্যুবরণ করেছেন।
স্মারকলিপিতে বলা হয়, জাতীয় শিক্ষানীতি ২০১০-এ শিক্ষকদের পদোন্নতির কথা বলা হয়েছে। ২০১৪ সালের ১৫ জানুয়ারি সচিব কমিটির সভায় প্রধান শিক্ষক থেকে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা পদে পদোন্নতির সুপারিশ করা হয়। এখনো এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে প্রধান শিক্ষকদের অনেকের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। একজন প্রধান শিক্ষক যে পদে চাকরিতে যোগদান করবেন, চাকরির মেয়াদ শেষে একই পদে অবসর নেবেন—এটি অমানবিক ও মৌলিক অধিকারের পরিপন্থী। এসব দাবির পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি ও জেলা শাখার সভাপতি মো. আতিকুর রহমানের স্বাক্ষরিত এই স্মারকলিপি দেন প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা।
যোগাযোগ করা হলে আতিকুর রহমান বলেন, অবিলম্বে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক থেকে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা পদে পদোন্নতিসহ শতভাগ বিভাগীয় পদোন্নতি দিতে হবে। এ ছাড়া প্রধানমন্ত্রীর কাছে সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকের এক ধাপ নিচে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ ও প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদায় ১০ম গ্রেডসহ স্কেল দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।
জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস বলেন, শিক্ষকনেতাদের দুই দফা দাবিসংবলিত স্মারকলিপি পেয়েছেন তিনি। দ্রুততম সময়ের মধ্যে তিনি তা প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন।