দুই দফা দাবিতে চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার সকালে হালিশহর ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ছাত্র শিক্ষক সংগ্রাম পরিষদের ব্যানারে এবং বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ) চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে তাঁরা এসব কর্মসূচি পালন করেন।
অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি হোসেন আহমদ, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ছাত্র শিক্ষক সংগ্রাম পরিষদের চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক জালাল উদ্দিন, বাকাছাপ সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শারমীন সুমী প্রমুখ।
দুই দফা দাবির প্রথমটি হচ্ছে, ডিপ্লোমা প্রকৌশলীদের বেতন-বৈষম্য ও পেশাগত সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং আন্তমন্ত্রণালয় কমিটির সুপারিশ বাস্তবায়ন। দ্বিতীয় দাবির মধ্যে রয়েছে, দেশের ইঞ্জিনিয়ারিং সার্ভিসে টাইমবার পদোন্নতি প্রথা প্রবর্তনসহ ইঞ্জিনিয়ারিং সার্ভিসকে ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিংয়ে ভাগ করে ডিগ্রি প্রকৌশলীদের ডেস্ক ও ডিপ্লোমা প্রকৌশলীদের ফিল্ডের দায়িত্ব প্রদান। একই সঙ্গে প্রশাসনিক পদে কারিগরি পেশাজীবীদের নিয়োগ বন্ধ করে জেনারেলিস্টদের নিয়োগ দেওয়া।