দুই দফা বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট ১০টি ইটভাটার উৎপাদন বন্ধ
দুই দফা বৃষ্টিতে শরীয়তপুরের ৪০টি ইটভাটার প্রায় ১০ কোটি টাকার কাঁচা ইট নষ্ট হয়েছে। ক্ষতি পোষাতে ইটভাটার মালিকেরা ইটের দাম বাড়িয়েছেন। প্রতি হাজার ইটে দেড় থেকে দুই হাজার টাকা দাম বাড়ানো হয়েছে। এ ছাড়া ১০টি ইটভাটার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।
শরীয়তপুর জেলা ইটভাটা মালিক সমিতি ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, জেলায় তালিকাভুক্ত ৪০টি ইটভাটা রয়েছে। ভাটাগুলোতে বছরে সাত মাস ইট উৎপাদন করা হয়। নভেম্বর থেকে মে মাস পর্যন্ত শরীয়তপুরের ইটভাটাগুলোতে উৎপাদন চলে। ১১ মার্চ হঠাৎ বৃষ্টি হয়। এর এক সপ্তাহ পর গত ১৮ মার্চ শরীয়তপুরের বিভিন্ন স্থানে আরেক দফা শিলাবৃষ্টি হয়। দুই দফা বৃষ্টিতে শরীয়তপুরের ৪০টি ইটভাটার ক্ষতি হয়। এর মধ্যে ১০টি ইটভাটার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিটি ইটভাটার পাঁচ-ছয় লাখ কাঁচা ইট নষ্ট হয়েছে। প্রতিটি কাঁচা ইটের উৎপাদন খরচ চার থেকে সাড়ে চার টাকা। সে হিসাবে একেকটি ইটভাটার ২০-২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতি পোষাতে ইটের দাম বাড়ানো হয়েছে। প্রতি হাজার ইটের বিক্রয় মূল্য ছিল ৬ হাজার ৫০০ টাকা। বর্তমানে ওই ইটের দাম নেওয়া হচ্ছে ৮ থেকে সাড়ে ৮ হাজার টাকা।
শরীয়তপুর পৌরসভার নীলকান্দি এলাকার কাজী মনিরুজ্জামান তাঁর বাড়িতে নির্মাণকাজ করছেন। তিনি ১৫ দিন আগে সদর উপজেলার একটি ইটভাটা থেকে প্রতি হাজার ইট কিনেছেন ৬ হাজার ৫০০ টাকা করে। বৃষ্টির পর গত রোববার প্রতি হাজার ইট কিনতে তাঁকে ৮ হাজার ২০০ টাকা দিতে হয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, ‘বৃষ্টির কারণে কাঁচা ইট নষ্ট হয়েছে, এমন কথা বলে ইটভাটার মালিকেরা দাম বাড়িয়ে দিয়েছেন। হঠাৎ ইটের দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের মতো স্বল্প আয়ের মানুষকে বিপদে পড়তে হয়েছে। আমরা নির্মাণকাজের জন্য যে বাজেট নিয়েছিলাম, এখন আর তা থাকবে না।’
শরীয়তপুর সদর উপজেলার খান ব্রিকসের মালিক আবদুল জলিল। তাঁর দুটি ইটভাটায় ১২ লাখ কাঁচা ইট নষ্ট হয়েছে, যার উৎপাদন খরচ ৪৮ লাখ টাকা। তিনি বলেন, ‘হঠাৎ বৃষ্টি হওয়ায় কাঁচা ইট রক্ষা করতে পারিনি। বৃষ্টি দীর্ঘ সময় ধরে হওয়ার কারণে ক্ষতি বেশি হয়েছে। এ বছর আমার অনেক লোকসান হবে। ক্ষতি কিছুটা কমিয়ে আনার জন্য ইটের দাম বৃদ্ধি করা হয়েছে।’
শরীয়তপুর জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, দুই দফা বৃষ্টিতে ইটভাটার মালিকদের পথে বসিয়ে দিয়েছে। বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট হওয়ার পাশাপাশি অনেক ভাটার চুলার আগুন নিভে গেছে। এ কারণে ১০টি ইটভাটার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। এত বেশি পরিমাণ ক্ষতি হওয়ায় ইটভাটার মালিকেরা দিশেহারা হয়ে পড়েছেন। বাধ্য হয়ে মজুত থাকা ইটের দাম বাড়াতে হয়েছে।