দুই দফা বৃষ্টিতে ২৩৫ কোটি টাকার ক্ষতি মাছচাষিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগস্টে দুই দফায় টানা দুই দিন করে অতিবর্ষণে সাতক্ষীরায় প্রায় ২৪ হাজার পুকুর ও মাছের ঘের ভেসে গেছে। এতে চাষিদের ২৩৫ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
সাতক্ষীরা চিংড়ি চাষি সমিতির সভাপতি আবুল কালাম বলেন, গত ৮ ও ৯ আগস্ট অতিবর্ষণে জেলার অধিকাংশ চিংড়িঘের, মাছের ঘের ও পুকুর পানিতে টইটম্বুর হয়ে পড়ে। কিছু ঘের ভেসে যায়। পানি কমার আগেই গত ২০ ও ২১ আগস্ট দ্বিতীয় দফায় অতিবর্ষণে দেবহাটা ও কালীগঞ্জ বাদে বাকি পাঁচটি উপজেলার মাছের ঘের ভেসে বেশির ভাগ মাছ বের হয়ে যায়। এতে চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে।
জেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, বৃষ্টিতে ৪৭ হাজার ৩৮০ একর আয়তনের ২৩ হাজার ৮১৮টি পুকুর, চিংড়ি ও মাছের ঘের ভেসে গেছে।
শ্যামনগর উপজেলার গাবুরা এলাকার মাছচাষি আসাদুর রহমান ও আবদুর রহমান বলেন, তাঁরা ১০ বিঘা করে জমি ইজারা নিয়ে চিংড়ি চাষ করেছিলেন। এতে প্রায় চার লাখ টাকা করে ব্যয় হয়েছে। তাঁরা মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়েছিলেন। এখন ঘের ভেসে যাওয়ায় তাঁরা বিপর্যয়ে পড়েছেন।
একই এলাকার আবদুল হাকিম ও ফিরোজ হোসেন বলেন, তাঁরা দুজনে মিলে ২০ বিঘা জমি নিজেদের ও ২০ বিঘা জমি ইজারা নিয়ে চিংড়ি চাষ করেছিলেন। ধারদেনা করে ব্যয় করেছিলেন ১০ লাখ টাকা। অতিবর্ষণে ঘের ভেসে যাওয়ায় তাঁরা ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন।
আশাশুনি উপজেলার পুঁইজালা গ্রামের নজরুল ইসলামের চার শ বিঘা জমিতে চারটি ঘের রয়েছে। তিনি ঋণ নিয়ে প্রায় এক কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। অতিবর্ষণে তার সব কটি ঘের ভেসে গেছে।
একই উপজেলার লক্ষ্মীখালী গ্রামের বিমল সানা ১০ বিঘা জমিতে ঘের করেছেন। ১৫ বিঘা জমিতে ঘের করেছেন খোকন সানা। তাঁরা জানান, তাঁদের বিঘাপ্রতি চিংড়ি চাষ করতে ব্যয় হয়েছে ২৫ হাজার টাকা। কিন্তু অতিবর্ষণে ঘের ভেসে যাওয়ায় তাঁরা নিঃস্ব হয়ে পড়েছেন।
সদর উপজেলার খড়িবিলা এলাকায় আশরাফ হোসেন পাঁচ বিঘা জমিতে চিংড়ি চাষ করেছিলেন। তিনি বলেন, তাঁর লাখ টাকার ওপর ব্যয় হয়েছে। দুই দফা অতিবর্ষণে তাঁর ঘেরও ভেসে গেছে।
জেলা মৎস্য কর্মকর্তা রমজান আলী বলেন, পুকুর ও ঘেরের মাছ এবং অবকাঠামো মিলিয়ে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছিল ২৩৫ কোটি ২১ লাখ টাকা। তবে কয়েক দিন ধরে টানা রোদ হওয়ায় চাষিরা ক্ষতি কিছুটা কাটিয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।