দুই দফা শিলাবৃষ্টি ধান ও ফসলের ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে গত বৃহস্পতিবার রাতে দুই দফা শিলাবৃষ্টিতে বোরো ধান ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শিলের আঘাতে অনেক বসতঘরের চালের টিন ফুটো হয়ে গেছে।
শেরপুর পৌর শহরসহ উপজেলার কুসুম্বী, গাড়িদহ, খামারকান্দি, খানপুর, সুঘাট ও বিশালপুর ইউনিয়ন এলাকায় এই শিলাবৃষ্টি হয়। ওই রাতের ৭টা ৫০ মিনিট ও সাড়ে আটটায় এই শিলাবৃষ্টি শুরু হয়। দুই দফায় চলে প্রায় ২০ মিনিট ধরে। শিলাবৃষ্টিতে ১৭৩ হেক্টর জমির বোরো ধান ও সবজির ক্ষতি হয়েছে।
গতকাল শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, শিলাবৃষ্টিতে বোরো ধান, ভুট্টা, সবজিসহ বিভিন্ন ধরনের মৌসুমি ফলের ক্ষতি হয়েছে। উপজেলার মির্জাপুর ইউনিয়নের শহিদ বাসস্ট্যান্ড এলাকার মুদি দোকান ব্যবসায়ী আসলাম শেখ বলেন, শিলের ওজন ছিল ৫০ থেকে ১০০ গ্রাম।
উপজেলার তাঁতড়া গ্রামের বোরো ধানচাষি আমজাদ হোসেন জানান, ১৬ বিঘা ধানের খেত দুই-তিন দিনের মধ্যে কাটার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার রাতে শিলের আঘাতে খেতের অনেক ক্ষতি হয়েছে। বিঘাপ্রতি চার-পাঁচ মণ ধানও হবে না।
উপজেলার খানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য আমজাদ হোসেন জানান, তাঁর ইউনিয়নে ফসলের ক্ষতির পাশাপাশি কমপক্ষে দুই শ বাড়ির চালের টিন ফুটো হয়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রহিম বলেন, গত ২২ এপ্রিল রাতের পর গত বৃহস্পতিবার একইভাবে শিলাবৃষ্টি শুরু হয়। বোরো ধানের বেশি ক্ষতি হয়েছে। এ ছাড়া ভুট্টা, সবজি ও আমেরও ক্ষতি হয়েছে।