দুই দফা সন্ত্রাসী হামলায় দুই কাউন্সিলরসহ ছয়জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভায় বর্তমান ও সাবেক মেয়রের দ্বন্দ্বের ফলে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত রোববার সকালে শ্রীমঙ্গলে এবং ওই দিন রাতে সিলেটে সন্ত্রাসী হামলায় দুই কাউন্সিলরসহ ছয়জন আহত হয়েছেন। ওই ঘটনার পর গতকাল সোমবার পৌরসভা কার্যালয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশি পাহারায় কাজ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।জানা গেছে, গত রোববার সকালে শ্রীমঙ্গল পৌরসভা কার্যালয়ের ভেতর সন্ত্রাসী হামলায় ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আলকাছ মিয়া ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছাদ উদ্দিনসহ মো. আবদুল খালেক, রুবেল মিয়া, বেলাল মিয়া ও জুনায়েদ মিয়া আহত হন। আহত আলকাছ মিয়া, ছাদ উদ্দিন ও আবদুল খালেক সিলেট ওসমানী হাসপাতালে এবং রুবেল ও বেলাল মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।এ ঘটনায় রোবাবর রাতে শ্রীমঙ্গল থানায় মামলা করেন কাউন্সিলর আলকাছের ভাই জুনায়েদ মিয়া। এজাহারে বলা হয়েছে, আলকাছ মিয়া গত রোবাবর সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভা কার্যালয়ে ঢোকামাত্র আগে থেকে ওত পেতে থাকা সাবেক মেয়র মো. আহাদ মিয়া ও তাঁর ছেলে জাহাঙ্গীর আলম সোহাগ এবং লিটন মিয়া, ইদ্রিছ মিয়া, নবাব মিয়াসহ ২২-২৪ জন লোক দা, ছুরি, রড ও লাঠি নিয়ে তাঁর ওপর হামলা করেন। ভাইকে বাঁচাতে জুনায়েদ এগিয়ে গেলে তিনিও হামলার শিকার হন। মামলায় আহাদ মিয়া ও তাঁর ছেলেসহ ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।এজাহারে আরও উল্লেখ করা হয়, নির্বাচনে হেরে গিয়ে আহাদ মিয়া মারধরের হুমকি দেন। এ অবস্থায় শ্রীমঙ্গল পৌরসভার নবনির্বাচিত মেয়রসহ সব কাউন্সিলর আহাদ মিয়ার বিরুদ্ধে গত শুক্রবার শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।সকালের ঘটনার পর রাতে রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসী হামলায় আহত হন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ছাদ উদ্দিন। তিনি সকালে আহত অন্যদের দেখতে সেখানে গিয়েছিলেন।এ সময় উপস্থিত জনতা লিটন মিয়া নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। লিটন সকালের ঘটনায় দায়ের করা মামলার আসামি।রাতের হামলার ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে জানিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ প্রথম আলোকে জানান, আটক লিটন মিয়াকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঘটনাটি শ্রীমঙ্গল পুলিশকে খতিয়ে দেখতে বলা হয়েছে।এদিকে গত রোববার সকালে হামলার পর দুপুরে শ্রীমঙ্গল পৌরসভা কার্যালয়ে মেয়র মো. মহসিন মিয়ার সভাপতিত্বে কর্মকর্তা-কর্মচারীর সমন্বয়ে প্রশাসনিক এক জরুরি সভায় সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পৌরসভার নির্বাহী প্রকৌশলীসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা চরম নিরাপত্তহীনতার মধ্যে কাজ করছেন বলে জানানো হয়। সাবেক মেয়র আহাদ মিয়া ফোনে কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করা হয়।শ্রীমঙ্গল থানার ওসি মো. আবদুল্লাহ বলেন, পৌরসভার নিরাপত্তা জোরদার করা হয়েছে।