মৌলভীবাজারের জুড়ী-১ রেঞ্জের সাগরনাল ও ধলাইছড়া বাঁশমহালের বাঁশের সংখ্যা দুই দফায় ইজারার ফাঁকে প্রায় অর্ধেকে নেমে এসেছে। সম্প্রতি ওই দুটি বাঁশমহাল ইজারার দরপত্র-প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বন বিভাগের কর্মকর্তাদের দাবি, বাঁশে মড়ক লাগা, ঘনভাবে বাঁশ বেড়ে ওঠা এবং চুরির কারণে বাঁশের সংখ্যা কমে গেছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সাগরনাল বাঁশমহালটির আয়তন তিন হাজার ২৭৯ একর। সেখানে মাকাল, খাঙ ও টেংরা মুলি জাতের বাঁশ রয়েছে। ২০০৭ সালে ওই মহালটি ইজারা দেওয়া হয়। তখন সেখানে বাঁশের সংখ্যা ছিল ৭৭ লাখ ৭০ হাজার ৯০০টি। ২০১৩ সালের মার্চ মাসে সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মহালটি ইজারা দিতে দরপত্র আহ্বান করেন। দরপত্রের গেজেটে বাঁশের সংখ্যা ৫০ লাখ ৫১ হাজারটি উল্লেখ করা হয়। মহালটিতে গেজেটে উল্লিখিত সংখ্যার চেয়ে কম বাঁশ রয়েছে উল্লেখ করে বাঁশ পুনর্গণনার দাবি জানিয়ে ব্যবসায়ীরা বন বিভাগ কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেন। এরপর পুনরায় গণনা করে মহালটিতে ৪০ লাখ ২০ হাজারটি বাঁশ পাওয়া যায়। পরে চলতি বছরের ৫ মার্চ বাঁশমহালটি ইজারার জন্য দরপত্র-প্রক্রিয়া সম্পন্ন হয়। ওই দিন পার্শ্ববর্তী ধলাইছড়া বাঁশমহালের ইজারা দেওয়ার দরপত্র-প্রক্রিয়াও সম্পন্ন হয়। গেজেটে ওই মহালে বাঁশের সংখ্যা ৪৩ লাখ ৩৭ হাজার ৫০০টি উল্লেখ করা হয়। মহালটির আয়তন দুই হাজার ৭০০ একর। এর আগে ২০০৮ সালে ওই মহালটি ইজারা দেওয়া হয়। তখন সেখানে বাঁশ ছিল ৮১ লাখ ১৮ হাজার ৫০৭টি। তবে ধলাইছড়া মহালে বাঁশ পুনর্গণনার দাবি জানিয়ে ব্যবসায়ীরা কোনো আবেদন করেননি।
বন বিভাগের নিয়ম অনুযায়ী, প্রতি তিন বছর পর পর বাঁশমহাল ইজারা দেওয়া হয়। এ ছাড়া প্রজননকাল হিসেবে বছরের তিন মাস (জুন, জুলাই ও আগস্ট) মহালে বাঁশ কাটা বন্ধ রাখা হয়।
গত ১৬ মার্চ ওই বাঁশমহাল দুটিতে বাঁশ কমে যাওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে দরপত্র-প্রক্রিয়াকালে দায়িত্বে থাকা সদ্য বিদায়ী সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা আবুল বাশার মিয়া প্রথম আলোকে বলেন, প্রতি ৩০-৩৫ বছর পর পর বাঁশে একধরনের ফুল ধরে। তখন বাঁশ মরে যায়। এটাকে বাঁশের মড়ক বলে। একেক প্রজাতির বাঁশে একেক সময় ফুল ধরে। সাগরনাল ও ধলাইছড়ায় দু-তিন বছর আগে এটা ঘটে। এ ছাড়া দুটি মহালেই ঘন ঘন বাঁশ গজিয়ে ওঠায় সব বাঁশ ভালোমতো বেড়ে উঠতে পারেনি। তাই পরিপক্ব বাঁশের সংখ্যা কম ধরা হয়েছে। আর কিছু বাঁশ চুরি হয়ে গেছে।
আবুল বাশার মিয়া বলেন, পর্যাপ্ত লোকবলের অভাবে এসব বাঁশমহাল পাহারা দিয়ে রাখা সম্ভব হয় না। তবে এবারের ইজারার পর পরিপক্ব বাঁশ কেটে ফেলা হলে ঘনত্ব কমবে। তখন অন্য বাঁশগুলো বেড়ে উঠবে। ফলে পরবর্তী ইজারায় দুটি মহালে বাঁশের সংখ্যা বাড়বে বলে তিনি আশাবাদী।
সিলেটের বর্তমান বিভাগীয় বন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, দরপত্র-প্রক্রিয়া সম্পন্নের পর ইজারার কাগজপত্র ঢাকায় প্রধান বন সংরক্ষকের দপ্তরে পাঠানো হয়েছে। এখনো তা অনুমোদিত হয়নি।