পার্বতীপুর রেলওয়ের ডিজেল ইঞ্জিন কারখানা থেকে গত আড়াই মাসে দুই দফায় ইঞ্জিনের মূল্যবান যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটে। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হলেও তদন্তে কোনো অগ্রগতি নেই। ধরাও পড়েনি কোনো অপরাধী।
ওই কারখানা সূত্রে জানা গেছে, ট্রেনের ডিজেল ইঞ্জিনের মেরামতের জন্য প্রতিষ্ঠিত এই কারখানা থেকে গত ২১ জুলাই ইঞ্জিনের ‘লোড টেস্ট বক্স’ (ইঞ্জিনের অশ্বশক্তি মাপার যন্ত্র) ভেঙে ১১টি ‘পাওয়ার কনট্যাক্ট’ চুরি করা হয়। যার আন্তর্জাতিক বাজারমূল্য কয়েক লাখ টাকা। এ ঘটনায় কারখানার সেকশন ইনচার্জ ফরিদ আকতার বাদী হয়ে পার্বতীপুর রেলওয়ে (জিআরপি) থানায় একটি মামলা করেন। পাশাপাশি কারখানার সহকারী ব্যবস্থাপক (কর্ম) ময়েনউদ্দীন সরদারকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও গত দুই মাসেও তা দেওয়া হয়নি।
সর্বশেষ ৭ অক্টোবর রাতে কারখানার মেরামতাধীন বিজি ৬৪১২নং রেলইঞ্জিন থেকে উচ্চ ভোল্টেজের চারটি তার (কেব্ল) চুরি হয়। ওই তার দিয়ে প্রধান জেনারেটর থেকে ইঞ্জিনে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তার দুটির অভাবে ইঞ্জিন অচল হয়ে পড়ে। নাম প্রকাশ না করার শর্তে কারখানার কয়েকজন কর্মচারী জানান, এর আগে আরও দুটি তার চুরির ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ তা প্রকাশ করেনি।
কারখানার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (সাধারণ) খন্দকার খায়রুল আলম বলেন, বিজি ৬৪১২ ইঞ্জিনটি প্রায় এক মাস আগে চাকা পরিবর্তনের জন্য কারখানায় আনা হয়। চুরি হওয়া যন্ত্রাংশের বাজারমূল্য যাই হোক না কেন, এগুলোর অভাবে ইঞ্জিন অচল হয়ে পড়বে।
তদন্ত কমিটির প্রধান কারখানার সহকারী ব্যবস্থাপক (কর্ম) ময়েনউদ্দীন সরকার বলেন, ২১ জুলাইয়ের চুরির ঘটনায় তিন জায়গার তিনজন কর্মকর্তাকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। ফলে কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তদন্ত সম্পন্ন করা কঠিন হয়ে পড়েছে। তার পরও তদন্তে অগ্রগতি হয়েছে বলে দাবি করেন তিনি। কারখানার ব্যবস্থাপক (কর্ম) জয়দুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ১৮৯ কর্মকর্তা-কর্মচারী এখানে কাজ করেন। দিনরাত ২৪ ঘণ্টা একজন এসআইয়ের নেতৃত্বে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ১০ সদস্য এখানে পাহারা দেন। তাঁরা ঠিকমতো পাহারা দিলে চুরি হয় কীভাবে?
কারখানার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসআই মকবুল আলম বলেন, ‘প্রতিদিন কারখানা সিলগালা করে কর্তৃপক্ষ কারখানার দায়িত্ব আমাদের বুঝিয়ে দেয়। সিলগালা অবস্থায় আমরাও প্রতিদিন সকালে তাদের কারখানার দায়িত্ব বুঝিয়ে দিই। চুরির ঘটনা তারা কীভাবে প্রমাণ করবে সেটাই প্রশ্ন।’