দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০
কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল বুধবার সকালে উপজেলার ছয়সূতি ইউনিয়নের নোয়াগাঁও ও লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।এলাকাবাসী সূত্র জানায়, নোয়াগাঁও গ্রামের রুস্তম আলীর সঙ্গে লক্ষ্মীপুর গ্রামের ফজলুর রহমানের জমি নিয়ে বিরোধ চলছে। গত মঙ্গলবার উভয় পক্ষ জমিতে দখল নেওয়ার চেষ্টা করে। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। এর আগে সোমবার মাইকে ঘোষণা দিয়ে এক পক্ষ অপর পক্ষকে প্রতিহত করার প্রচার চালায়। ঘোষণা অনুযায়ী গতকাল সকাল ১০টার দিকে উভয় পক্ষ লাঠিসোঁটা, দা ও বল্লম নিয়ে নোয়াগাঁও এলাকায় অবস্থান নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। নোয়াগাঁও গ্রামের রুস্তম আলী বলেন, ‘প্রভাব খাটিয়ে লক্ষ্মীপুর গ্রামের ফজলু আমার জমি দখলে নিতে চায়। বাধা দেওয়ায় তারা আমাদের ওপর হামলা চালিয়েছে।’ ফজলুর রহমান বলেন, ‘রুস্তম লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালান।’