দুই দল গ্রামবাসীর সংঘর্ষে বেলকুচিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় কয়েকটি মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে আবদুল আওয়াল (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। গতকাল বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রোববার ইউনিয়নের চন্দনগাতী গ্রামের বাবলু তালুকদারের লিচুবাগানে কয়েকটি মেয়ে লিচু পাড়ছিল। এ সময় সেখানে পার্শ্ববর্তী নিশিবয়রা গ্রামের কয়েকজন বখাটে তাদের উত্ত্যক্ত করতে থাকে। একপর্যায়ে ওই গ্রামের লোকজন বখাটেদের মারধর করে ছেড়ে দেয়। পরে ওইদিন রাতে ওই বখাটেরা একজোট হয়ে চন্দনগাতী গ্রামের এক তরুণকে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় আবারও তাদের মারধর করে ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি মীমাংসার জন্য স্থানীয়ভাবে উদ্যোগ নিয়েও তা ব্যর্থ হয়।ওই ঘটনার জের ধরে বুধবার সকালে চন্দনগাতী গ্রামের লোকজন প্রতিশোধ নেওয়ার জন্য নিশিবয়রা গ্রামের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষ একে অপরের ওপর রামদা, হাঁসুয়াসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৬ জন আহত হয়।আহত ব্যক্তিদের মধ্যে আবদুল আওয়াল, মোসলেম উদ্দিন, নুরু মন্ডল, আবদুল লতিফ, রুবিয়া বেগম, বেলাল মুন্সি, আজাহার উদ্দিন, আছিয়া খাতুন, আবদুল করিম ও আবু বক্করকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আবদুল আওয়ালের মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি।