দুই দল চোরাকারবারির সংঘর্ষ, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রসুন পাচারকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাতে রাজশাহীর নগরের মতিহার থানাধীন সাহাপুর এবং নওদাপাড়া গ্রামের দুই দল চোরাকারবারির মধ্যে সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষ দুই গ্রামে ছড়িয়ে পড়লে অন্তত ৩০ জন আহত হয়। এ ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাহাপুর ও নওদাপাড়ার দুই দল চোরাকারবারি বেশ কিছুদিন ধরে বাংলাদেশি রসুন ভারতে পাচার করে আসছে। বুধবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা পাচারের সময় নওদাপাড়ার চোরাকারবারিদের সাত বস্তা রসুন আটক করেন। নওদাপাড়ার চোরাকারবারিদের অভিযোগ, একই সময় সাহাপুরের চোরাকারবারিদের আট বস্তা রসুন আটক করেও ছেড়ে দেয় বিজিবি। তাদের অভিযোগ, সাহাপুরের চোরাকারবারিরা তাদের রসুন বারবার ধরিয়ে দেয়। এ নিয়ে দুই গ্রামের চোরাকারবারিদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বৃহস্পতিবার দুপুরে এ নিয়ে তারা নওদাপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে মীমাংসার জন্য বসে। কিন্তু সেখানে তাদের মধ্যে নতুন করে দ্বন্দ্ব সৃষ্টি হয়। উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাহাপুরের কয়েকজন নওদাপাড়ার মোড়ে এলে নওদাপাড়ার চোরাকারবারিরা তাদের মারধর করে। এর কিছুক্ষণ পর নওদাপাড়ার মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় যে সাহাপুরের লোকজন তাদের ওপর আক্রমণ করেছে। এ ঘোষণার পর দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে মতিহার থানার পুলিশ সেখানে গিয়ে রাত সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় আহতদের মধ্যে সেন্টু, নাসির, রাসেল, কামরুল, শরিফুল পালান ও রবিউলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।মতিহার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম জানান, সংঘর্ষ, বাড়ি ভাঙচুর এবং লুটপাটের অভিযোগে বৃহস্পতিবার রাতে প্রথমে নওদাপাড়ার আবু বাক্কার এবং পরে সাহাপুরের সাইদার রহমান প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করেছেন। নিজ নিজ মামলায় আবু বাক্কার ১৫ জনকে এবং সাইদার রহমান ১৪ জনকে আসামি করেছেন। বিজিবি ৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক জাহিদ হাছান বলেন, প্রতিদিনই রসুন আটক হচ্ছে। কী ঘটনাকে কেন্দ্র করে মারামারি হয়েছে, তা তাঁরা বলতে পারবেন না।