নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার দুই দল ছাত্রের মধ্যে হামলা ও সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কমপক্ষে সাতজন আহত হন। এর মধ্যে গুরুতর আহত তিন ছাত্র তানজিন (২০), আমির হামজা (২০) ও শিশির পালকে (২০) নোয়াখালী জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ছাত্রদের বহনকারী বিশ্ববিদ্যালয়ের একটি বাসের কাচ ভাঙচুরের ঘটনা ঘটে।ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচ ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। তাঁরা হলেন ফলিত রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবদুল মাজেদ ভূঁইয়া, মো. মেহেদী হাসান, জহিরুল ইসলাম, মো. মিশকাতুর রহমান এবং মাৎস্যবিজ্ঞান বিভাগের মো. রায়হান গোফরান।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত রোববার বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আদনানকে একই বর্ষের আমির হামজাসহ কয়েকজন চড়-থাপড় দেন, যা ওই দিনই শিক্ষকদের হস্তক্ষেপে মীমাংসা হয়। কিন্তু গতকাল সকাল সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ক্যাম্পাসের সামনে এলে আদনানের পক্ষের একদল ছাত্র বাসটিকে থামিয়ে কয়েকজন ছাত্রকে বাস থেকে নামিয়ে মারধর শুরু করেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। প্রক্টর দেবাশীষ সাহা জানান, দুপুরে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গতকাল বিকেলের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।