জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসেন বলেছেন, দুই দলই সমঝোতায় পৌঁছাবে বলে তিনি আশা করছেন। বিএনপির ৪৮ ঘণ্টার আলটিমেটামকে রাজনৈতিক খেলা বলে মনে করেন তিনি। তবে নাসিম আখতার হোসেন এ কথাও বলেন, দলগুলো এরই মধ্যে যেভাবে তাদের পেশিশক্তি প্রদর্শন করছে, তাতে ভোটাররা হয়তো ভয় পেয়ে ভোটই দিতে যাবে না। গতকাল শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত বিবিসি সংলাপে এসব মন্তব্য করেন তিনি। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগকে জনগণ দেশ পরিচালনার জন্য নির্বাচিত করেছে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে নয়। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা যদি বাতিলই করবেন, তাহলে কেন ১৭১ দিন হরতাল দিয়ে, বাসে আগুন ধরিয়ে, কোন দুঃখে তত্ত্বাবধায়ক সরকার এনেছিলেন? জনগণের কাছে গ্রহণযোগ্য এই ব্যবস্থা বাতিল করতে আপনারা সব দলের সঙ্গে পরামর্শ করেছিলেন?’ জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেন, অভিজ্ঞতা দলগুলোর জন্য সুখকর ছিল না বলেই তাঁরা অনির্বাচিত সরকার চান না। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান বলেন, রাজনৈতিক সংকট সমাধানে বরফ গলতে শুরু করেছে বলে তিনি মনে করেন। গতকাল সংলাপে দর্শকদের একের পর এক প্রশ্নের মুখোমুখি হয়েছেন মাওলানা জাফরুল্লাহ খান। একজন দর্শক প্রশ্ন করেন, ‘যদি ৯০ ভাগ মানুষ ১৩ দফার সঙ্গে একমত হয়, তাহলে হেফাজতে ইসলাম কেন নির্বাচনে যায় না’, ‘হেফাজতে ইসলাম, না হেফাজতে রাজনৈতিক ইসলাম?’ ‘ইসলাম ধর্মের রক্ষক কে আল্লাহ, না হেফাজতে ইসলাম?’ ‘হেফাজতে ইসলামের সমাবেশে নারী প্রতিনিধি নেই কেন’, ‘হেফাজতে ইসলামের সমাবেশে কেন নারী সাংবাদিকের ওপর নির্যাতন করা হলো’ ইত্যাদি। জবাবে মাওলানা জাফরুল্লাহ খান বলেন, দেশের ৯০ শতাংশ মানুষ মুসলমান। কোরআন ও সুন্নাহ্র ওপর ভিত্তি করে দফাগুলো ঠিক করা হয়েছে। তাই তাঁদের বিশ্বাস, দেশের ৯০ শতাংশ মানুষ তাঁদের দাবির সঙ্গে একমত। নির্বাচনে যাওয়ার প্রয়োজন আছে বলে তাঁরা মনে করেন না।বিবিসি সংলাপের সঞ্চালক আকবর হোসেনের এক প্রশ্নের জবাবে সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, হেফাজতে ইসলামের পাশাপাশি গোটা জাতি ব্লগারদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। তাই বিএনপি তাদের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছে।