দুই দলকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধান বিচারপতির
সরকার ও বিরোধী দলের উদ্দেশে প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বলেছেন, এখন ‘ব্লেম গেম’ করার সময় নয়। তিনি সংসদীয় গণতন্ত্র টিকিয়ে রাখতে প্রধান দুই দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল শনিবার এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ আহ্বান জানান। ‘সংসদীয় গণতন্ত্রে জবাবদিহিতা: প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে মাসিক লিগ্যাল এইড।প্রধান বিচারপতি বলেন, ‘বিশ্বব্যাপী যখন গণতন্ত্র সমাদৃত, তখন আমাদের দেশে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। যেখানে গণতন্ত্রই প্রশ্নবিদ্ধ, সেখানে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা সুদূরপরাহত। স্বাধীনতার ৩৯ বছর পেরিয়ে গেলেও জনগণ স্বাধীনতার সুফল—জবাবদিহিমূলক শাসনব্যবস্থা পায়নি। ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় জবাবদিহিতার উদাহরণ টেনে তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা সুদৃঢ় করতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধের অনুশীলন করতে হবে।মোহাম্মদ ফজলুল করিম বলেন, আমলাতান্ত্রিক জটিলতায় জনগণের মূল চাহিদা পূরণ ব্যর্থ হয়। নির্বাচিত প্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করলে এ জটিলতা বহুলাংশে নিরসন সম্ভব। এ জবাবদিহি নিশ্চিত হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। বিচারকদের উদ্দেশে তিনি বলেন, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করতে হবে।বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক প্রধান বিচারপতি মাহমুদূল আমীন চৌধুরী। তিনি হাইকোর্টের দুই অতিরিক্ত বিচারপতিকে শপথ না দেওয়া সম্পর্কে আইনমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করে বলেন, এটা খারাপ হয়েছে। এর মাধ্যমে প্রধান বিচারপতিকে এক ধরনের হুমকি দেওয়া হয়েছে। তিনি বর্তমান স্বাধীন বিচার বিভাগে নির্বাহী বিভাগের অদৃশ্য হস্তক্ষেপের সমালোচনা করে বলেন, এখন যে অবস্থা চলছে তা হচ্ছে ‘জুডিশিয়ারি ইন এ গ্লাস হাউস’। এটা গণতন্ত্রের জন্য সুখকর নয়। তিনি আরও বলেন, সাংসদেরা সংসদীয় গণতন্ত্রের কোনো দায়দায়িত্ব পালন করেন না।অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এ এফ হাসান আরিফ, খাজা গোলাম মোর্শেদ প্রমুখ।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন বিচারপতি আবদুল মতিন। মূল প্রবন্ধ পাঠ করেন বিচারপতি জয়নুল আবেদীন।