দুই দলকে একসঙ্গে বসানোর দায়িত্ব ইসির নয়: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, দেশের রাজনৈতিক সংকট নিরসনে দুই দলকে আলোচনার টেবিলে বসানো নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্ব নয়। সংকট নিরসনের আলোচনা হতে পারে সংসদে।গতকাল মঙ্গলবার কমিশন সচিবালয়ে টাঙ্গাইল-৩ আসনের উপনির্বাচনের আইনশৃঙ্খলাবিষয়ক বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের এ কথা বলেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাজী রকিব উদ্দীন আহমেদ বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন কোন সরকারের অধীনে হবে, তা নিয়ে বাইরে অনেক আলোচনা হচ্ছে। অনেকে এ বিষয়ে পরামর্শ দিচ্ছেন। আশা করছি রাজনৈতিক দলগুলোই নিজেদের মধ্যে আলোচনা করে এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবে।’ তিনি বলেন, নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে ভাবা এবং রাজনৈতিক সমঝোতার কাজ ইসির নয়। যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, ইসির দায় একটি সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান করা।কাপাসিয়া ও টাঙ্গাইল উপনির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপির অংশ না নেওয়া সম্পর্কে সিইসি বলেন, ‘পত্রপত্রিকায় পড়েছি, এটা বিএনপির পলিটিক্যাল স্ট্যান্ট, বর্তমান কমিশনের প্রতি অনাস্থা নয়।’রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির আসন্ন সংলাপ বিষয়ে সিইসি বলেন, ‘এক দিনেই আমরা সবার সঙ্গে বসব। আমরা সব দলকে গুরুত্বের সঙ্গে আমন্ত্রণ জানাব। জাতীয় স্বার্থে নিবেদিত সব দল সংলাপে আসবে বলে আমরা আশাবাদী।’নতুন দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তি: নিবন্ধনে আগ্রহী নতুন রাজনৈতিক দলের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন।গতকাল মঙ্গলবার জারি করা এই গণবিজ্ঞপ্তিতে দলগুলোকে ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য ৯১২৯৮০৯ নম্বরে টেলিফোন করে যোগাযোগ করতে বলা হয়েছে।