দুই দলকে নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ ভেঙে দিয়ে সরকারি ও বিরোধী দল থেকে সমানসংখ্যক সদস্য নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। তাঁরা নির্বাচন অনুষ্ঠানের জন্য স্থায়ী সরকারপদ্ধতি নির্ধারণ করার ওপরও গুরুত্বারোপ করেন।
গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘বর্তমান সংকট নিরসনে করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বিশিষ্টজনেরা এই মত দেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ গোলটেবিলের আয়োজন করে।
নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব সম্পর্কে বিচারপতি কাজী এবাদুল হক বলেন, দুই দল থেকে সমান সংখ্যক সদস্য নিয়ে নির্বাচনকালীন সরকার হবে। এ ক্ষেত্রে সরকারি দলের একজন সরকারপ্রধানের দায়িত্বে থাকবেন। যাঁরা এই সরকারে থাকবেন, তাঁরা কেউই নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে নির্বাচনীকালীন সরকার গঠনের জন্য দুটি প্রস্তাব দেন। প্রথম প্রস্তাব হলো, ঐকমত্যের ভিত্তিতে দলনিরপেক্ষ ১১ জন ব্যক্তিকে চিহ্নিত করে তাঁদের নির্বাচিত করে এনে নির্বাচনকালীন সরকার গঠন করা। এ জন্য সমসংখ্যক বর্তমান সংসদ সদস্যকে পদত্যাগ করতে হবে। দ্বিতীয় প্রস্তাব হলো, সরকারি ও বিরোধী দলের সাংসদদের মধ্য থেকে ঐকমত্যের ভিত্তিতে পাঁচজন করে ১০ জন এবং নির্দলীয় ব্যক্তিদের থেকে আরও পাঁচজন নিয়ে মোট ১৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা।
মূল প্রবন্ধে বলা হয়, রাজপথে সহিংস আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান সম্ভব নয়। এতে গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়তে এবং অসাংবিধানিক সরকার আবার ক্ষমতা দখল করতে পারে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য স্থায়ী ও টেকসই নির্বাচনীব্যবস্থা দরকার। এ জন্য আওয়ামী লীগ ও বিএনপিকে একমত হয়ে একটি জাতীয় সনদ প্রণয়ন করতে হবে।
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, বর্তমানের রাজনীতিতে নেতারা সঠিকভাবে জনগণের প্রতিনিধিত্ব করতে পারছেন না।
সভাপতির বক্তৃতায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, বর্তমান সংকট নিরসনে কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। তিনি বলেন, বড় দুই দলের মধ্যে কোনো পার্থক্য নেই। উভয় দলই দলীয়করণ ও দুর্নীতি করে, আইনের শাসন মানতে আগ্রহী নয়। তাদের কথার সঙ্গে কাজের মিল নেই। ফলে সত্যিকারের জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠিত হচ্ছে না।
সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, সংসদ ভেঙে দিয়ে নির্বাচন করলেও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা যাবে না। কারণ, সংবিধান বা অন্য কোনো আইনে প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের কর্মপরিধি নির্দিষ্ট করা নেই। তাঁরা যা খুশি তা করে বেড়ালে নির্বাচন কমিশনের কিছুই করার থাকবে না।
লেখক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ বলেন, সরকারকে স্পষ্ট করে বলতে হবে, তারা কী চায়। সরকারি ও বিরোধী দলের নেতাদের পীর-ফকিরের মাজারের খাদেমদের মতো আধ্যাত্মিক কথাবার্তা বলা বন্ধ করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এস এম শাহজাহান, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা কাজী জাফরুল্লাহ, মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব আলী ইমাম মজুমদার, অধ্যাপক শওকত আরা হোসেন, কমিউনিস্ট পার্টির রুহিন হোসেন প্রমুখ।