দেশে সংঘাত ও সহিংসতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দুই দলের শীর্ষ নেতাদের সংঘাত ছেড়ে শিগগির সংলাপের বসার আহ্বান জানিয়েছে তারা। হরতালসংক্রান্ত আচরণবিধি প্রণয়নের কথাও বলেছে টিআইবি।গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ক্রমবর্ধমান সংঘাত ও উচ্ছৃঙ্খলতা উদ্বেগজনক। কোনো মানদণ্ডে তা গ্রহণযোগ্য নয়। এসব ঘটনার মূলে আছে ক্ষমতার দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের কাছে জনস্বার্থ, নাগরিকের জীবন-জীবিকার মৌলিক অধিকার, বিশেষ করে শিশু, নারী, সংখ্যালঘু সম্প্রদায় ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা বিবেচ্য নয়।বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাই পারেন জনগণের তথা জাতীয় স্বার্থকে পারস্পরিক বিভেদ, দ্বন্দ্ব ও আস্থাহীনতার ঊর্ধ্বে গিয়ে আলোচনার টেবিলে সমাধান বের করতে। ইফতেখারুজ্জামান বলেন, গণতন্ত্র ও বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকারের প্রতি অঙ্গীকার প্রদর্শনে সংলাপ শুরু করার ক্ষেত্রে কালক্ষেপণের কোনো সুযোগ নেই। আর গণতন্ত্রের অগ্রযাত্রায় যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে সংলাপের বিকল্প নেই।টিআইবি বলেছে, অগণতান্ত্রিক ভাষা ও আচরণের কাছে রাজনৈতিক অঙ্গন ক্রমান্বয়ে কুক্ষিগত হওয়ার বিষয়টি দুঃখজনক। এতে জনগণ ভুল বার্তা পাচ্ছে। আসন্ন নির্বাচন যেন উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য প্রক্রিয়ায় অনুষ্ঠিত হতে পারে, সে জন্য সমঝোতামূলক অবস্থান ঠিক করতে টিআইবি দুই নেত্রীর প্রতি আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তি।