দুই দলকে সংলাপে বসার তাগিদ কানাডার
নির্বাচনকে কেন্দ্র করে পাঁচ বছর পর পর সহিংসতা ও অস্থিতিশীলতার বৃত্ত অবসানের তাগিদ দিয়েছে কানাডা। দেশটি নির্বাচন আর আন্দোলনের নামে সহিংসতার অবসান চায়। এরই অংশ হিসেবে বিএনপি আন্দোলনের যে ডাক দিয়েছে সেটি অহিংস হবে বলে কানাডা প্রত্যাশা করে।
ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন গতকাল সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ অভিমত দেন। দুই দলের সংলাপের ব্যাপারে আশাবাদ জানিয়ে তিনি বলেন, শুধু আগামী নির্বাচনই নয়, পাঁচ বছর পর পর কোন প্রক্রিয়ায় নির্বাচন হবে তা ঠিক করতে বাংলাদেশের প্রধান দুই দলকে আলোচনার টেবিলে দেখতে আগ্রহী কানাডা।
হিদার ক্রুডেন এদিন ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। ডিকাব সভাপতি মাইনুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আঙ্গুর নাহার।
সম্প্রচার নীতিমালা ২০১৪ সম্পর্কে জানতে চাইলে কানাডার হাইকমিশনার বলেন, কানাডা বিশ্বাস করে গণতন্ত্রের মূল নির্যাস হচ্ছে জবাবদিহি। আর জবাবদিহির জন্য গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। সম্প্রচার নীতিমালা ২০১৪ এবং বাংলাদেশে গণমাধ্যমে এর প্রভাবের বিষয়টি কানাডা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। তিনি জানান, এখন পর্যন্ত নীতিমালার কোনো ইংরেজি ভাষ্য দেখার সুযোগ তাঁর হয়নি। তবে গণমাধ্যমের ওপর এর প্রভাব কী হবে, তা জানতে তাঁকে পত্রিকার ওপর নির্ভর করতে হচ্ছে।
গত ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনের সাত মাস পর সুশাসন, সরকারের কাজের মূল্যায়ন ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কীভাবে দেখছেন—এমন প্রশ্নের উত্তরে হিদার ক্রুডেন বলেন, ‘সহিংসতার অবসান হওয়ায় সবাই হাঁফ ছেড়ে বেঁচেছেন। আমি আশা করি, ফের সহিংসতার শুরু হবে না। বিএনপি আন্দোলনের ঘোষণা দিয়েছে। আশা করব, এ আন্দোলন সহিংসতামুক্ত হবে।’
হিদার ক্রুডেন বলেন, ‘নির্বাচনের আয়োজন শুরু হলে প্রবৃদ্ধি ব্যাহত হয়, লোকজন হতাহত হয়, লোকজন বাড়ির বাইরে বের হতে পারে না আর সহিংসতা হয়। তাই আমরা চাই এ চক্র বন্ধ হোক।’
বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা নুর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে অগ্রগতি আছে িক না, জানতে চাইলে হিদার ক্রুডেন বলেন, ‘বাংলাদেশের আইন অনুযায়ী নুর চৌধুরীকে এদেশে ফেরত পাঠানোর গুরুত্বের বিষয়টি কানাডা বুঝতে পারে। এটি কানাডার আইনে বিচারাধীন থাকায় ব্যক্তিগত আইনের পরিপ্রেক্ষিতে তাঁর বিষয়টি নিয়ে মন্তব্য করতে পারছি না।’