নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি—দুই দলেই অভ্যন্তরীণ কোন্দল ছিল। দুই দলেরই তিনজন করে নেতা নির্বাচনে অংশ নিয়েছিলেন। দলীয় সমর্থন বা একাধিক ‘বিদ্রোহী’ প্রার্থী থাকার পরও বিপুল ভোটে জয় পেয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী ও উপজেলা বিএনপির সহসভাপতি রুমি চৌধুরী।
নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আ জ ম সফি মাহমুদের ভরাডুবি হয়েছে। তবে নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামসুল ইসলাম খান। এক অর্থে নির্বাচনে বিএনপির কাছে হেরেছে বিএনপিও। সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর অনুসারী বিএনপি-সমর্থিত অপর প্রার্থী মহীউদ্দিন আলমগীরও হেরেছেন বিপুল ভোটের ব্যবধানে।
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পরাজয় ও বিএনপির সাবেক ডেপুটি স্পিকারের প্রার্থীকে নিয়ে উপজেলার সব স্থানেই চলছে আলোচনা-সমালোচনা।
আওয়ামী লীগের ভরাডুরির নেপথ্যে দলীয় কোন্দল ও দলের সাবেক সাংসদ আকরাম হোসেন চৌধুরীর ইমেজের প্রভাব পড়েছে বলে দলীয় নেতা-কর্মী ও ভোটাররা জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আ জ ম সফি মাহমুদকে দলীয় সমর্থন দেওয়া হয়। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এস্কেন্দার মির্জা, কোষাধ্যক্ষ ও আধাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুল ইসলাম খান দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।
এদিকে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের কথা বিবেচনায় রেখে উপজেলা বিএনপির সহসভাপতি রুমি চৌধুরীকে সমর্থন দেওয়া হয়। কিন্তু দলটির উপজেলা কমিটির সভাপতি ও সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী তা মেনে নেননি। তিনি মিঠাপুর ইউপির চেয়ারম্যান মীর মহীউদ্দিন আলমগীরকে বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী করেন।
রুমি চৌধুরীর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামসুল ইসলাম খান ২৮ হাজারের ভোটের ব্যবধানে পরাজিত হন। রুমি চৌধুরীর সঙ্গে বিএনপির নেতা মীর মহীউদ্দিন আলমগীরের ভোটের ব্যবধান প্রায় ৩৮ হাজার।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আয়েনউদ্দিন বলেন, দলীয় কোন্দল ও দলের সাবেক সাংসদ আকরাম হোসেন চৌধুরীর ইমেজ সংকটের কারণে সফি মাহমুদ পরাজিত হয়েছেন।