ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার-বিষয়ক উপকমিটির সদস্যরা বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় উদ্বিগ্ন। চলমান রাজনৈতিক সংকটের ব্যাপারে প্রধান দুই দলের অনড় অবস্থানের কারণে সমস্যা সমাধানের কোনো লক্ষণ নেই। এ অবস্থা চলতে থাকলে বিরোধী দল কোণঠাসা হয়ে পড়বে। একে কাজে লাগিয়ে উগ্রপন্থী গোষ্ঠীর উত্থান ঘটতে পারে।
গতকাল বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার-বিষয়ক উপকমিটির বৈঠকে বাংলাদেশ সফরের পর এ-সংক্রান্ত অভিজ্ঞতা তুলে ধরেন পার্লামেন্টের অস্ট্রিয়ার প্রতিনিধি ইউসেফ ওয়াইডেনহোলজারসহ অন্য সদস্যরা।
এদিকে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউসেফ ওয়াইডেনহোলজার বলেছেন, বাংলাদেশে ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের বছর পূর্তিকে কেন্দ্র করে সহিংস ও বৈরী পরিবেশের জন্য দেশের শীর্ষ দুই নেত্রী দায়ী। এখন সব দলকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হলে যেকোনো সময় সংকট থেকে উত্তরণ সম্ভব। ডয়চে ভেলে গত বুধবার তাঁর এ সাক্ষাৎকার প্রচার করেছে।
ইউরোপীয় পার্লামেন্টে বিতর্ক: গতকাল ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার-বিষয়ক উপকমিটির বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে এক বিতর্কে অংশ নেন কমিটির সদস্যরা। কমিটির সভাপতি এলিনা ভেলেনসিয়ানোর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্কে বাংলাদেশ সফরকারী ইউরোপীয় প্রতিনিধিদলের সদস্য ইউসেফ ওয়াইডেনহোলজার, ক্যারল কারস্কিসহ অপর সদস্যরা তাঁদের মতামত তুলে ধরেন। উপকমিটির সহসভাপতি ক্রিশ্চিয়ান ড্যান প্রেদার নেতৃত্বে একটি প্রতিনিধিদল ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করে।
ওয়াইডেনহোলজার বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে অত্যন্ত উত্তেজনাপূর্ণ অভিহিত করে বলেন, পরিস্থিতি যেভাবে নেতিবাচক দিকে এগোচ্ছে তাতে আতঙ্কিত হওয়ার কারণ রয়েছে। তিনি বলেন, ‘দুই দলই অনড়। ফলে আমাদের কাছে সমঝোতার কোনো সুযোগ আছে বলে মনে হয়নি। আগামী কয়েক সপ্তাহে পরিস্থিতির উন্নতি হবে না, সেটি বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কথা বলে জেনেছি।’ তাঁদের মতে, এ পরিস্থিতি চলতে থাকলে তা গৃহযুদ্ধে রূপ নেবে।
ওয়াইডেনহোলজার বলেন, ‘দিনের শেষে আমার ব্যক্তিগত মূল্যায়ন হচ্ছে, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে বিরোধী দল একসময় কোণঠাসা হয়ে পড়বে, তাতে অন্য শক্তি, বিশেষ করে উগ্রপন্থী গোষ্ঠী শূন্যস্থানটা পূরণ করবে। সেটি একটি বড় ঝুঁকি ও বড় ধরনের বিপদ। এটা আমাদের জন্য গভীর উদ্বেগের। তাই বাংলাদেশকে নিয়ে আমাদের আরও ভাবতে হবে।’ খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, তাঁকে গ্রেপ্তার করা হলে নাটকীয়ভাবে পরিস্থিতির অবনতি ঘটবে।
বিতর্কে অংশ নিয়ে কমিটির আরেক সদস্য বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও মুক্ত মত প্রকাশের ব্যাপারে বাংলাদেশে কিছু উদ্বেগ রয়েছে। দেশটিতে গণমাধ্যমের অবস্থা অস্থিরতাপূর্ণ। আরেক সদস্য বাংলাদেশে লাগামহীন সহিংসতা, লক্ষ্য নির্ধারণ করে হামলা ও রাজনৈতিক নেতাদের গণহারে গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করেন।
বিতর্কে বাংলাদেশের প্রতিনিধি মালেকা পারভীন সাম্প্রতিক পরিস্থিতিতে সরকারের অবস্থান তুলে ধরেন।
ডয়চে ভেলেকে সাক্ষাৎকার: সাক্ষাৎকারে ইউসেফ ওয়াইডেনহোলজার বলেন, বাংলাদেশের সরকার ও বিরোধীদের মধ্যকার সাংঘর্ষিক অবস্থান থেকে বেরিয়ে আসার সহজ কোনো পথ তিনি দেখছেন না। প্রধান দুটি দল একটা সমঝোতায় উপনীত হওয়া থেকে দৃশ্যত দূরে আছে। তবে একটা ইতিবাচক দিকে এগোনোর ক্ষেত্রে দেশে এখনো ভালো অবস্থা আছে।
সাম্প্রতিক সফরের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ওয়াইডেনহোলজার বলেন, রাস্তাঘাটে সংঘাতের খুব বেশি নমুনা নেই। তবে সরকারি প্রতিনিধি থেকে সাংবাদিক—এ রকম নানা মতের মানুষের সঙ্গে কথা বললে সংঘাতের গুরুত্ব কতটা, সেটা বোঝা যাবে। তিনি বলেন, ‘সরকার ও বিরোধী—দুই পক্ষের সঙ্গে কথা বলে যে কারও এ ধারণাই হবে যে দলগুলোর মধ্যে দ্বন্দ্ব মিটমাটের কোনো সুযোগ নেই। কেননা, তাদের কেউই ছাড় দিতে ইচ্ছুক নয়। দুই পক্ষই আমাদের সহিংসতার ভিডিও চিত্র দেখিয়েছে। এ জন্য একে অন্যের ওপর দায় চাপিয়েছে। এ পরিস্থিতি আশাব্যঞ্জক নয় এবং আমি খুবই উদ্বিগ্ন।’
রাজনৈতিক উত্তেজনা কীভাবে প্রশমিত হতে পারে—এমন প্রশ্নের জবাবে ওয়াইডেনহোলজার বলেন, ‘দেশটির জন্য এক সর্বাঙ্গীণ ধারণার প্রয়োজন। এর জন্য জরুরি হলো, একটা ব্যাপক, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গির উপস্থিতি; যা জনগণকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেবে। আমি মনে করি, শুধু তখনই বাংলাদেশ খুব দ্রুত এ সংকট কাটিয়ে উঠবে।’
এ প্রসঙ্গে ওয়াইডেনহোলজার আরও বলেন, ‘এটা আমার জন্য মজার যে সফরকালে সহিংসতায় লিপ্ত দুই পক্ষই ভবিষ্যৎ নিয়ে জিজ্ঞাসার জবাব না দিয়ে শুধু অতীতের ঘটনাপ্রবাহ টেনে এনেছে। দুই দলের পুরো ব্যবস্থায়ই দুই মহান নেত্রীর বিরোধের শিকার। দৃশ্যত পারিবারিক ইতিহাসের কারণে দুজনই নিজেদের অতীতের বৃত্তে বন্দী করে রেখেছেন। সম্ভাব্য নতুন নির্বাচনের জন্য নতুন মুখ ও নতুন মানুষ জরুরি। শুধু তখনই পরিস্থিতিতে পরিবর্তনের সূচনা হবে।’
বিবদমান দলগুলোর মধ্যে বিরোধ মেটাতে ইউরোপ সম্ভাব্য মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হবে কি না—জানতে চাইলে ইউরোপীয় পার্লামেন্টের এই সদস্য মনে করেন, বাংলাদেশে কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই। তবে বাইরে থেকে চাপ দেওয়া প্রয়োজন। তা না হলে বাংলাদেশ সংকট কাটিয়ে উঠতে পারবে না।
প্রসঙ্গত, ঢাকা সফরের সময় প্রতিনিধিদলটি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে তাদের বৈঠক নিয়ে আওয়ামী লীগের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের কাছে অভিযোগ করে। ১৮ ফেব্রুয়ারি শাহরিয়ার আলম ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক উপকমিটির প্রতিনিধিদলের সঙ্গে তাঁর দপ্তরে আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিন্দুমাত্র উদ্বেগ প্রকাশ করেনি প্রতিনিধিদলটি।
পরদিন আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা। এ সময় তাঁরা অভিযোগ করেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁদের সঙ্গে আলোচনার প্রসঙ্গ নিয়ে গণমাধ্যমে অসত্য তথ্য দিয়েছেন। এতে তাঁরা চরম হতাশ হয়েছেন। এ অভিযোগ শুনে বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের নেতারা বিব্রত হন। এ সময় আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী বয়সে তরুণ ও অনভিজ্ঞ। তাই হয়তো তিনি কথাগুলো ঠিকমতো বলতে পারেননি। তখন ইউরোপীয় পার্লামেন্টের পক্ষ থেকে বলা হয়, একজন অনভিজ্ঞ ব্যক্তিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়োগ করা ঠিক হয়নি।