‘গণতন্ত্র জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য হলেও দেশে চলছে লুটপাটের রাজনীতি। এক দল পাঁচ বছর ক্ষমতা ভোগ করে জবাবদিহি না করতে আবারও ক্ষমতায় আসতে চায়। আর আরেক দল দীর্ঘদিন ক্ষমতাবঞ্চিত থেকে ক্ষমতায় যেতে চায়। দুই দলের ক্ষমতার দ্বন্দ্বে সাধারণ মানুষ পুড়লেও এ নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই।’
চলমান সহিংস রাজনীতি নিয়ে গতকাল শনিবার বিকেলে শাহবাগ চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ‘সহিংসতা প্রতিরোধে জনতা’ এ ব্যানারে প্রগতিশীল বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ সমাবেশের আয়োজন করে।
‘জনতার লড়াইয়ে সহিংস রাজনীতি প্রত্যাখ্যান করুন, প্রতিরোধের দেয়াল গড়ুন’ ছিল সমাবেশের মূল স্লোগান।
সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘আওয়ামী লীগ মনে করছে, জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নির্বাচনে বিজয় সম্ভব নয়। তাই তারা একতরফাভাবে নির্বাচন দিয়ে বিজয় নিশ্চিত করতে চাচ্ছে। অন্যদিকে বিএনপি সেই চ্যালঞ্জ গ্রহণ না করে আওয়ামী লীগের ষড়যন্ত্র করা পাতা ফাঁদে পা দিয়েছে। তাদের কাঁধে ভর করে আছে জামায়াতে ইসলামী।’
মুজাহিদুল ইসলাম সেলিম আরও বলেন, ‘বিএনপি যা করছে, তা আন্দোলন নয়। আন্দোলনের উদ্দেশ্য হলো জনগণকে সম্পৃক্ত করা। কিন্তু তাদের আন্দোলনে মানুষ সম্পৃক্ত না হয়ে রাজপথ থেকে ঘরের ভেতরে ঢুকছে।’
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, ‘এক দল গণতন্ত্রকে নির্বাসিত করে একদলীয় নির্বাচনের দিকে এগোচ্ছে, অন্য দল গণতন্ত্র প্রতিষ্ঠার নামে মানুষ পোড়াচ্ছে।’
নারীনেত্রী খুশী কবির বলেন, ‘বর্তমান সরকার নির্বাচন করতে ভয় পাচ্ছে। তারা যে লুটপাট করেছে তার হিসাব যেন কারও কাছে দিতে না হয়, এ জন্য কোনো আলোচনা না করেই নির্বাচন সম্পন্ন করতে চাচ্ছে। অপরদিকে বিএনপি মনে করছে, তার লুটপাটের সময় এসেছে। তাই স্বাধীনতাবিরোধীদের সাথে জোট করে হলেও ক্ষমতায় আসতে চাচ্ছে।’
শামীম আরা নিপার সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মানবাধিকারকর্মী শিপ্রা বোস, সহিংসতা প্রতিরোধে জনতার পক্ষে পারভেজ আলম, শ্রমজীবী নারী সংহতির নেত্রী বহ্নিশিখা জামালি, জাতীয় যুব জোটের নেত্রী কাজী আলমাস সুলতানা প্রমুখ।
সমাবেশে তীরন্দাজ নাট্যদলঅশ্রুতে রূপকথা নামের একটি পথনাটক প্রদর্শন করে।
এদিকে জাতীয় জাদুঘরের সামনে একই সময় সহিংস রাজনীতি বন্ধের দাবিতে সমাবেশ করে ‘জাগ্রত জনতা’।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘বর্তমান সহিংস রাজনৈতিক কর্মসূচির কারণে দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থায় বিপর্যয় নেমে এসেছে। যারা এ ধরনের কর্মসূচি দিচ্ছে, তারা প্রকৃতপক্ষে দেশের উন্নয়ন চায় না বলেই এটা করছে। সরকারের দায়িত্ব সাধারণ মানুষের নিরাপত্তার নিশ্চত করা। তাই যারা রাজনৈতিক কর্মসূচির নামে বাসে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করছে, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’
জাগ্রত জনতার আহ্বায়ক জাকিয়া মুনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ আ ব ম ফারুক, স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ আজিজুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আখতারুজ্জামান, মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মামা, সৈয়দ রফিকুল ইসলাম বীর প্রতীক প্রমুখ বক্তব্য দেন।