দুই দলের নেতা-কর্মীর বাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকার লেদুমোল্লা রোডে আওয়ামী লীগের এক নেতা ও স্বেচ্ছাসেবক দলের এক কর্মীর বাড়িতে গতকাল বৃহস্পতিবার পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় নগরের ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ও ভাঙচুর করা হয়।
হামলার ঘটনায় টঙ্গী থানা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য বজলুল হক প্রধান ৪৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. জাহাঙ্গীরসহ কয়েকজনের বিরুদ্ধে টঙ্গী মডেল থানায় মামলা করেছেন। জাহাঙ্গীর ওই ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মিজানুর রহমানের শ্যালক।
বজলুলের বাড়ির নিরাপত্তাকর্মী আবদুর রাজ্জাক জানান, দুপুর ১২টার দিকে জাহাঙ্গীরের নেতৃত্বে ৩০-৪০ জন যুবক বজলুলের বাড়ির নিচতলায় অবস্থিত ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয়ের আসবাব ভাঙচুর করেন। পরে তাঁরা দ্বিতীয় তলায় বজলুলের ফ্ল্যাটে ঢুকে আড়াই লাখ টাকা ও সাড়ে পাঁচ ভরি স্বর্ণ লুট এবং ঘরের আসবাব ভাঙচুর করেন।
জাহাঙ্গীরের বাড়ির ভাড়াটে আবুল কালামসহ অন্য প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার খবর পেয়ে বেলা একটায় বজলুলের ৪০-৫০ জন লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একই রোডে জাহাঙ্গীরের বাড়ির সামনে একটি সেলুন ভাঙচুর করেন। তাঁরা বাড়িতে ঢুকতে না পেরে ধারালো অস্ত্র দিয়ে দরজা-জানালায় কুপিয়ে নষ্ট করেন।
বজলুল হক অভিযোগ করেন, জাহাঙ্গীরের নেতৃত্বে এলাকায় ছিনতাই, চুরিসহ মাদক ব্যবসা চলছে। এসবে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তাঁর বাড়িতে হামলা চালিয়েছে।
বিএনপির নেতা মিজানুর রহমান পাল্টা অভিযোগ করেন, বজলুলের ছেলে প্রিন্স এলাকায় মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাঁরা বাধা দেওয়ায় শত্রুতার সৃষ্টি হয়েছে।
টঙ্গী মডেল থানার ওসি এ কে আজাদ বলেন, জাহাঙ্গীর ও প্রিন্সের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা রয়েছে।