দুই দলের মধ্যে সমঝোতার জন্য সময় খুব কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, দুই প্রধান দলের মধ্যে সমঝোতার জন্য সময় খুব কম। তিনি উল্লেখ করেন, ইসি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর ১৪ দিনেও এ ক্ষেত্রে সুস্পষ্ট কোনো অগ্রগতি হয়নি।
নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে গতকাল মঙ্গলবার বিকেলে অফিস শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি।
কাজী রকিব উদ্দীন আহমেদ দেশের প্রধান দুই দলের উদ্দেশে দেশ ও জনগণের কল্যাণে ‘সময় শেষ হয়ে যাওয়ার আগেই’ সুস্পষ্ট অগ্রগতির দিকে যাওয়ার জন্য আহ্বান জানান।
তবে ‘সময় শেষ হওয়া’ বলতে কী বোঝাতে চাইছেন, গণমাধ্যমকর্মীদের এ প্রশ্নের জবাব দেননি সিইসি।
এর আগে গত সোমবার সিইসি বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে দুই প্রধান জোট একমত হলে যেকোনো কিছু সম্ভব।
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ নির্বাচনে যাবেন না বলে যে ঘোষণা দিয়েছেন—এ প্রসঙ্গে সিইসি বলেন, ‘মনোনয়নপত্র যেমন ইচ্ছামতো দাখিল করা যায় না, নিয়ম মেনে দাখিল করতে হয়, তেমনি মনোনয়নপত্র প্রত্যাহারের ক্ষেত্রেও সুনির্দিষ্ট বিধিবিধান আছে। লিপিবদ্ধ সেসব বিধিবিধান রিটার্নিং অফিসাররা প্রয়োগ করবেন।’
বিএনপি ৫ জানুয়ারির ঘোষিত নির্বাচনে অংশ নিচ্ছে না, এখন এরশাদের নির্বাচনে না যাওয়ার ঘোষণায় দেশ একতরফা নির্বাচনের দিকে এগোচ্ছে কি না, জানতে চাইলে সিইসি বলেন, ‘জাতীয় পার্টির প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের পর বিষয়টি জানা যাবে। এর আগে কিছু বলা যাবে না।’ সিইসি আশা প্রকাশ করেন, চলমান পরিস্থিতির উন্নতি হয়ে সহিংসতা কমে আসবে।
স্বতন্ত্র প্রার্থীর তথ্য যাচাইয়ে চিঠি: গতকাল ইসি রিটার্নিং কর্মকর্তাদের কাছে ২৫১ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে বাছাইকৃত ১০ জনের পেছনে ১ শতাংশ ভোটারের সমর্থনের যথার্থতা যাচাইয়ের জন্য চিঠি পাঠিয়েছে। বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ে কোনো একজন ভোটারও যদি বলেন সইটি তাঁর নয়, তবে সেই প্রার্থীর প্রার্থিতা বাতিলের বিধান রয়েছে।