দুই দলের মাথাব্যথা সংস্কারপন্থী নেতা
কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত প্রার্থী এখন একে অপরকে প্রতিপক্ষ মনে করছেন না। যতই নির্বাচনের দিন এগিয়ে আসছে, বড় দুটি দলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছেন বিএনপির সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত গিয়াস উদ্দিন।
ভৈরব উপজেলার ভোট ২৩ মার্চ। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোশতাক আহমেদ (আনারস), বিএনপি-সমর্থিত প্রার্থী ও ভৈরব পৌরসভার প্যানেল মেয়র আরিফুল ইসলাম (ঘোড়া), উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি গিয়াস উদ্দিন (মোটরসাইকেল), উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নাদিরুজ্জামান ভূইয়া (কাপ-পিরিচ) ও হাজি আসমত কলেজের সাবেক ভিপি অলিউল ইসলাম (দোয়াত-কলম)।
প্রার্থীদের মধ্যে সবচেয়ে আলোচিত গিয়াস উদ্দিন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। তিনি ১৯৯৬ সালের জুন মাসে ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। তবে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে দুবারই হেরে যান। তার আগে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সমর্থন না পেয়ে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিএনপির প্রার্থী শফিকুল ইসলামের কাছে ধরাশায়ী হন।
সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে গিয়াস উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেও পরাজিত হন। তবে রাজনীতির শুরুতে উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছিলেন তিনি।
বিএনপির নেতা-কর্মীদের দাবি, এক-এগারোর রাজনৈতিক সংকটের সময় গিয়াস উদ্দিনের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। এ কারণে কেন্দ্রীয় নেতৃত্ব ২০০৯ সালের জানুয়ারি মাসে তাঁকেসহ ভৈরব কমিটির সহসভাপতি তোফাজ্জল হোসেনকে বহিষ্কার করে। ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মুনসুর বলেন, ‘মাঠ বলছে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে গিয়াস উদ্দিনের সঙ্গে।’