গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দুই দলের রুগ্ণ রাজনীতি জনগণের সংকট সমাধানের পরিবর্তে দেশকে ক্রমাগত ধ্বংসের প্রান্তে ঠেলে দিচ্ছে।গতকাল সোমবার সূত্রাপুর কমিউনিটি সেন্টারে গণফোরামের সূত্রাপুর থানা কমিটি আয়োজিত ইফতার মাহফিলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি এ কথা বলেন।ড. কামাল হোসেন বলেন, দলীয়করণের রোগ বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষাব্যবস্থা—সবকিছু ধ্বংস করতে উদ্যত। আমাদের দলীয় দৃষ্টিভঙ্গির রুগ্ণ রাজনৈতিক আচরণ থেকে বের হয়ে আসতে হবে। তিনি সরকারের সমালোচনা করে বলেন, সরকারের সব আশ্বাসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দ্রব্যমূল্য ক্রমাগত বাড়ছে। মানুষ দ্রব্যমূল্যের চাপে দিশেহারা হয়ে পড়েছে।শেখ মো. ইসমাইল আলীর সভাপতিত্বে সংগঠনের কেন্দ্রীয় নেতা মোস্তফা মোহসীন মন্টু, জগলুল হায়দার, সাইদুর রহমান, জুলেখা হক মৃধা, রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।