দুই দলের সংলাপ নিয়ে আশাবাদী এফবিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান রাজনৈতিক সহিংসতা নিরসনে প্রধান দুই দলের মধ্যে সংলাপ কিংবা সমঝোতা হওয়ার বিষয়ে এখনো আশাবাদী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতিগুলোর ফেডারেশন (এফবিসিসিআই)।সংগঠনটি বলছে, রাজনৈতিক সমস্যার সমাধান আলাপ-আলোচনার ভিত্তিতে রাজনৈতিকভাবেই হওয়া উচিত। এ জন্য দুই দলকে আরও সময় দেওয়া প্রয়োজন। তাতেও সমাধান না হলে হিংসাত্মক কর্মসূচি বন্ধে কর্মসূচি দেবেন ব্যবসায়ীরা।এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহেমদ বলেছেন, ‘যেকোনো পর্যায়ে আমরা সংলাপ ও সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা এখনো আশা করি, দুই দলের মধ্যে সংলাপ হবে। তবে তা না হলে দেশের ৪৪৬টি চেম্বার ও সমিতির নেতাদের নিয়ে আমরা কর্মসূচি ঠিক করব। অনির্দিষ্টকালের জন্য বসে থাকব না।’বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের অর্থনীতি নিয়ে সংবাদ সম্মেলন করে এ কথা বলেন এফবিসিসিআইয়ের সভাপতি। রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে গতকাল বুধবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।এফবিসিসিআইয়ের পরিচালকেরা গত সোমবার মানববন্ধন, সাদা পতাকা মিছিল ও সারা দেশের ব্যবসায়ীদের নিয়ে সম্মেলন করার মতো প্রস্তাব নিয়ে আলোচনা করেন। এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে গতকাল জরুরি বোর্ড সভাও ডাকা হয়। সভায় কর্মসূচিগুলো নিয়ে আলোচনা হলেও সিদ্ধান্ত হয়নি। সারা দেশের ব্যবসায়ীদের নিয়ে সম্মেলন করে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে চায় সংগঠনটি। কয়েকজন পরিচালক জানান, এ মাসের মধ্যে কিংবা এপ্রিলের প্রথম সপ্তাহে ব্যবসায়ীদের এ সম্মেলন হতে পারে। সে কারণেই সংবাদ সম্মেলনে এফবিসিসিআই কোনো কর্মসূচি ঘোষণা করেনি।এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, কয়েক দিনের মধ্যে এফবিসিসিআইয়ের সদস্য সংস্থার (চেম্বার ও সমিতি) প্রধানদের সঙ্গে আলোচনা করে কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কাজী আকরাম বলেন, ‘পাকিস্তান আমল থেকেই হরতাল দেখে আসছি। কিন্তু এবারের হরতাল অনেক হিংসাত্মক হয়ে গেছে। এখন এক মিনিটের জন্যও কেউ নিরাপদ নয়। এখন মনে হচ্ছে, হরতাল বন্ধ করা উচিত। আইন করে এটি বন্ধ করার সময় এসেছে।’এক প্রশ্নের জবাবে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘বিরোধীদলীয় নেতাকে গতকাল (মঙ্গলবার) আবারও চিঠি দেওয়া হয়েছে। তাতে আমরা বলেছি, আমরা জরুরি ভিত্তিতে আপনার সঙ্গে দেখা করতে চাই।’এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, এক দিনের হরতালে দেশে দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়। শুধু তৈরি পোশাক খাতের ক্ষতি ৩৬০ কোটি টাকা। এক দিন হরতালের ক্ষতি তিন দিন ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকার ক্ষতির সমান। এক দিনের হরতালে দেশের জিডিপির দশমিক ১২ শতাংশ ক্ষতি হয়। ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে হরতাল চলাকালে ব্যাংকঋণের সুদ মওকুফ করার জন্য সরকারের নির্দেশনা কামনা করেন এফবিসিসিআইয়ের সভাপতি।সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, ঢাকা চেম্বারের সভাপতি সবুর খান, বিজিএমইএর সহসভাপতি সিদ্দিকুর রহমান, বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম, এফবিসিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মনোয়ারা হাকিম আলী ও সহসভাপতি মো. হেলাল উদ্দিন এবং পরিচালকেরা উপস্থিত ছিলেন।