দুই দলের সংলাপ প্রশ্নে রুলের শুনানি ২৬ সেপ্টেম্বর
বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে আওয়ামী লীগের সভানেত্রী ও বিএনপির চেয়ারপারসন এবং তাঁদের জোটের মধ্যে সংসদে ও সংসদের বাইরে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠানের কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়ে করা রুলের ওপর ২৬ সেপ্টেম্বর শুনানি হবে।
আজ রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির এ তারিখ ধার্য করেন।
পরে রিট আবেদনকারী আইনজীবী ইউনূস আলী আকন্দ প্রথম আলো ডটকমকে বলেন, বিষয়টি কার্যতালিকায় ছিল। আগামী বৃহস্পতিবার বিষয়টি শুনানির জন্য কার্যতালিকার শীর্ষে থাকবে বলে জানিয়েছেন আদালত।
অবাধ ও সুষ্ঠু সংসদ নির্বাচন নিশ্চিত করার দিক বিবেচনায় দেশের দুই শীর্ষ রাজনৈতিক দলের প্রধানদের মধ্যে রাজনৈতিক সংলাপের নির্দেশনা চেয়ে গত ১৪ মার্চ হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ ইউনূস আলী আকন্দ। এতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল, বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল, বাংলাদেশ নির্বাচন কমিশন, বাংলাদেশ সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিবাদী করা হয়। তবে গত ২৭ মার্চ দাখিল করা সম্পূরক আবেদনে আওয়ামী লীগের সভানেত্রী ও বিএনপির চেয়ারপারসনকেও বিবাদী করা হয়।
পরে ওই দিনই দেশে বিরাজমান পরিস্থিতি বিচারিক নোটিশে নিয়ে ও জনগুরুত্ব বিবেচনা করে বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন।