দুই দলের সংলাপের উদ্যোগ নিতে হবে নাগরিক সমাজকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, বিরাজমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য প্রধান দুই দলকে সংলাপে বসাতে নাগরিক সমাজকেই উদ্যোগ নিতে হবে। এ জন্য প্রয়োজনে নাগরিক সমাবেশ ডাকতে হবে।সুশাসনের জন্য নাগরিক—সুজন গতকাল বৃহস্পতিবার ‘সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও নাগরিক উদ্বেগ’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এই বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, রাজনৈতিক সংকট থেকে উত্তরণে সংলাপের বিকল্প নেই। এই উদ্যোগ দেশের সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নাগরিক সমাজকে সম্মিলিতভাবে নিতে হবে। বাইরের লোক এই সমস্যার সমাধান করতে পারবে না।বৈঠকের সভাপতি ও সুজনের সহসভাপতি এম হাফিজউদ্দিন খান বলেন, যেভাবে দেশ চলছে, তাতে একসময় দুই দলের যেকোনো একটি ধ্বংস হয়ে যাবে। তাই রাজনীতিকে রক্ষার জন্য দেশের নাগরিক সমাজকে জাগিয়ে তুলতে হবে।সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ‘প্রধান দুই রাজনৈতিক দলের বাইরে তৃতীয় কোনো রাজনৈতিক শক্তির উত্থানের সুযোগ নেই। দেশে যত দিন সংখ্যাগরিষ্ঠতার সরকার পদ্ধতি বহাল থাকবে, তত দিন আমাদের দুই দল নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। তবে কীভাবে ভালো থাকা যায়, সেই পথ খুঁজে বের করতে হবে। ভালো থাকার জন্য দুই দলকে সংলাপে বসাতে হবে।’অধ্যাপক অজয় রায় বলেন, দেশের রাজনীতি ও সংস্কৃতিতে দুর্নীতি প্রশ্রয় পেয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে নাগরিক সমাজকে তাদের চিন্তার কথা রাজনৈতিক দলের কাছে পৌঁছাতে হবে। আগামী নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে, তা দলকেই ঠিক করতে হবে। সে জন্যই সংলাপে বসতে হবে।গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, আদালত বলেছেন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আরও দুই মেয়াদের জন্য রাখা যেতে পারে। কিন্তু রায় লেখার কাজ শেষ হওয়ার আগেই সরকার ব্যবস্থাটি বাতিল করে দিয়েছে। এ নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আদালত সুয়োমোটো দিতে পারেন।সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, প্রধান দুই দলকে আলাপ-আলোচনা ও সংলাপের মাধ্যমে সমঝোতায় আসতেই হবে। তবে ক্ষমতায় যাওয়ার জন্য জোড়াতালির সমঝোতা যথেষ্ট নয়। প্রয়োজন সমস্যার স্থায়ী সমাধান। সে জন্য নাগরিকদের সক্রিয় হতে হবে। আওয়ামী লীগের নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, সেমিনার করে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ আওয়ামী লীগ-বিএনপি সেমিনারে বিশ্বাস করে না। তাদের সংলাপে বসার জন্য বাধ্য করতে নাগরিক সমাজকে উদ্বুদ্ধ করতে হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, অবিরাম গুম ও হত্যা হচ্ছে। অথচ সরকারের মধ্যে অনুশোচনা নেই। সে জন্যই দেশের রাজনীতি নিয়ে উদ্বিগ্ন হতে হয়।আলোচনায় আরও বক্তব্য দেন তত্ত্বাধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এস এম শাহজাহান, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, অধ্যাপক দিলারা চৌধুরী, সাবেক সাংসদ হুমায়ুন কবির, আবদুল মান্নান, এস এম আকরাম, মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব আলী ইমাম মুজমদার, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিয়াস করিম প্রমুখ।