দুই দলের সমর্থনপ্রত্যাশী একাধিক, বৈঠক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী পৌরসভার উপনির্বাচনে ইতিমধ্যে প্রার্থিতা ঘোষণা করেছেন নিহত মেয়র লোকমান হোসেনের ভাই কামরুজ্জামান। তবে তাঁর প্রতিদ্বন্দ্বী কে বা কারা হচ্ছে, তা এখনো জানা যায়নি।কামরুজ্জামান দলীয়ভাবে আওয়ামী লীগের সমর্থন চাইবেন। আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচন করতে প্রস্তুতি নিচ্ছেন আরও একজন। অন্যদিকে, বিএনপি এখনো এ নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে দলের সমর্থন নিয়ে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন দলের তিন নেতা।এই অবস্থায় জেলা আওয়ামী লীগ ও বিএনপি আজ শনিবার সকালে বৈঠক ডেকেছে। দলীয় কার্যালয়ে উভয় দলের বৈঠকে নির্বাচন ও প্রার্থী সমর্থনের বিষয়ে আলোচনা হবে বলে দলীয় নেতারা জানিয়েছেন।জানতে চাইলে নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘মেয়র পদে দল থেকে প্রার্থী দেওয়া হবে। প্রার্থী নির্বাচনের কৌশল নির্ধারণ করতে শনিবার আমরা সভায় বসছি। ওই সভা থেকে প্রার্থীদের নাম চাওয়া হবে।’আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, দলীয় সমর্থন পেতে এখন পর্যন্ত দুজন আগ্রহ প্রকাশ করেছেন। এর মধ্যে নিহত মেয়র লোকমানের ভাই কামরুজ্জামান আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করে জানিয়েছেন, তিনি দলীয় সমর্থন চাইবেন।আওয়ামী লীগের সমর্থনে নির্বাচনে আগ্রহী অপরজন হলেন আমজাদ হোসেন ভূঁইয়া। তিনি এরই মধ্যে প্রার্থী হিসেবে দোয়া চেয়ে শহরজুড়ে পোস্টার সাঁটিয়েছেন। আমজাদ হোসেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হলেও শহরের রাজনৈতিক অঙ্গনে ততটা পরিচিত নন।জানতে চাইলে আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘দলীয় সমর্থন পাওয়ার বিষয়ে আমি ওপরের সবুজ সংকেত পেয়েছি।’কামরুজ্জামান বলেন, ‘আমি দলীয় সমর্থনের অপেক্ষায় আছি। আমার ভাই লোকমান হোসেনকে দুবার সমর্থন দিয়ে দল ভুল করেনি। আমাকে দিলেও দলকে ভালো কিছু উপহার দিতে পারব।’বিএনপির নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, দলীয় সমর্থন নিয়ে নির্বাচন করতে ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন উর রশিদ ও নরসিংদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি (ভিপি) খবিরুল ইসলাম। এঁদের মধ্যে হারুন উর রশিদ নিজ দলের সমর্থন নিয়ে গত নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে লোকমান হোসেনের কাছে পরাজিত হয়েছিলেন। তিনি নরসিংদী সদর আসনের সাবেক সাংসদ শামসুদ্দিন এছাকের ছেলে।হারুন উর রশিদ প্রথম আলোকে বলেন, ‘গত নির্বাচনে দলীয় সমর্থন নিয়ে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। এবারও দলীয় সমর্থন চাইব।’জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ‘দলীয় সমর্থন পেতে আগ্রহীদের সঙ্গে আমরা এখনো যোগাযোগ করেনি। শনিবারের সভা থেকে আগ্রহীদের নাম চাওয়া হবে।’