দুই দশক আগে দিনমজুর হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে দিনমজুর আবু সিদ্দিক (৪০) হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান গতকাল বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।
প্রায় সাড়ে ২২ বছর আগে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আবদুস সাত্তার (৭০) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন ফরহাদ হোসেন (৪২), নুর মোহাম্মদ (৪১) ও মো. আবদুল (৪৫)। রায় ঘোষণার সময় চার আসামির সবাই আদালতে উপস্থিত ছিলেন। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। নিহত আবু সিদ্দিক ও দণ্ডিত সবার বাড়ি পীরগাছা উপজেলার ছোট কল্যাণী গ্রামে।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সরকারি কৌঁসুলি ফারুক মোহাম্মদ রেয়াজুল করীম বলেন, রংপুরের পীরগাছা উপজেলার ছোট কল্যাণী গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৯৯৩ সালের ২ অক্টোবর খুন হন আবু সিদ্দিক। এ ঘটনায় প্রথমে পীরগাছা থানায় অস্বাভাবিক হত্যা (ইউডি) মামলা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ১৯৯৪ সালের ৬ এপ্রিল পীরগাছা থানার তৎকালীন এসআই মতিউর রহমান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।