দুই দশক পর ধানের শীষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানের শীষ বিএনপির দলীয় প্রতীক। কিন্তু ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গত দুই দশক বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা এ প্রতীকে ভোট দিতে পারেননি। এবার স্থানীয় সরকার নির্বাচনে উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে (ইউপি) ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থীরা।
দলীয় ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে সর্বশেষ ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী, রানীশংকৈলের আংশিক ও হরিপুর) আসনে বিএনপি থেকে জেড এম মর্তুজা ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এরপর ২০০১ সালের সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয় বিএনপি। সেই নির্বাচনে বিএনপি এ আসনটি জামায়াতকে ছেড়ে দেয়। জামায়াতের প্রার্থী এম এ হাকিম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। এরপর ২০০৮ সালের সংসদ নির্বাচনে আবারও জামায়াতকে এ আসনটি ছেড়ে দেওয়া হয়। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপি-জামায়াত জোট অংশ নেয়নি।
এ ছাড়া বালিয়াডাঙ্গী উপজেলায় পৌরসভা না থাকায় দলীয় প্রতীকের প্রথম পৌরসভা নির্বাচনেও ভোট দেওয়ার সুযোগ হয়নি বিএনপির সমর্থকদের। তাই এবার ইউপি নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় বিএনপির কর্মী-সমর্থকেরা উচ্ছ্বসিত। চতুর্থ দফা ইউপি নির্বাচনে বালিয়াডাঙ্গীর আটটি ইউপির মধ্যে ছয়টিতে ধানের শীষ প্রতীকে অংশ নিচ্ছেন বিএনপির প্রার্থীরা। তবে ভানোর ও আমজানখোর ইউপি জামায়াতকে ছেড়ে দেওয়া হয়। এ দুই ইউপিতে জামায়াতের প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দুওসুও ইউনিয়নের বিএনপির কর্মী হারুন আর রশীদ (৩৫) বলেন, ‘আমি বিএনপি করি। কিন্তু একবারও ধানের শীষে ভোট দিবার সুযোগ পাওনি। এই ভোটে বালিয়াডাঙ্গীত ধানের শীষ মার্কা পাইছু। এত দিন পর ধানের শীষত মন জুড়াইয়া ভোট দিমু।’ পাড়িয়া ইউনিয়ন বিএনপির কর্মী আনছারুল হক (৪৭) বলেন, ‘হামরা ভুলেই গেছিনু ভোটত ধানের শীষ বলে কোনো মার্কা ছে (আছে)। এবার নিজেদের মার্কার কাজ করতে আনন্দ লাগছে।’
তবে ভানোর ইউনিয়নের হলদিবাড়ি এলাকার বিএনপির কর্মী মো. আসাদুর রহমান (৫৬) বলেন, ‘আমরা বিএনপি করি। কিন্তু ২০ বছর হয়ে গেল ধানের শীষে ভোট দিতে পারিনি। এবার সুযোগ ছিল, কিন্তু জামায়াতকে ছাড় দেওয়ায় এবারও অন্য মার্কায় ভোট দিতে হবে।’
আমজানখোর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, ‘ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সুযোগ না পেলেও জোটের প্রার্থীদের বিষয়ে আমাদের মনে কোনো দ্বিধা নেই।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চাড়োল ইউপির চেয়ারম্যান আবু হায়াত নুরুন্নবী বলেন, ২০ বছর পর এখানে ধানের শীষ প্রতীক পেয়ে দলের কর্মী-সমর্থকেরা বেশ উজ্জীবিত। ভোটাররা অবাধে ভোট দেওয়ার সুযোগ পেলে এ উদ্দীপনাই দলীয় প্রার্থীদের জয়ে সহায়ক ভূমিকা রাখবে।