দুই দশক পর ফের বগুড়ায় বাপেক্সের অনুসন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় অনুসন্ধান চালিয়েছে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনকারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স। বাপেক্সের একটি দল বগুড়ার গাবতলী, সারিয়াকান্দি ও সদর উপজেলায় ভূগর্ভে খনিজ সম্পদের খোঁজ করে।
অনুসন্ধানী দলের কর্মকর্তারা বলছেন, এ অঞ্চলে তেল-গ্যাস পাওয়ার সম্ভাবনা থাকায় এ অনুসন্ধান চালানো হয়েছে।
বাপেক্সের একটি সূত্রে জানা গেছে, আশির দশকে পেট্রোবাংলার অনুসন্ধানী দল বগুড়ার গাবতলী উপজেলার কলাকোপা এলাকায় প্রথম খনিজ সম্পদ অনুসন্ধানের কাজ শুরু করেছিল। প্রায় দুই বছর ধরে অনুসন্ধান চালানো হয়। ১৯৮৭ সালের দিকে অনুসন্ধান কার্যক্রম বন্ধ ঘোষণা করে সুড়ঙ্গ এবং পাইপের মুখ মাটি ও সিমেন্ট দিয়ে ঢেকে দেওয়া হয়।
কোলাকোপা এলাকার সাহেব আলী বলেন, আশির দশকে মাটি খনন করে প্রায় ১০ একর এলাকায় ওই অনুসন্ধান চলেছিল। পরে খোঁড়া অংশ ভরাট করে অনুসন্ধানী দল এলাকা ছাড়ে। এখন ওই জায়গায় জনবসতি গড়ে উঠেছে।
নতুন করে অনুসন্ধানকাজে আসা বাপেক্সের একজন কর্মকর্তা বলেন, আশির দশকে খনিজ সম্পদ পাওয়ার ওই সম্ভাবনার ওপর ভিত্তি করে ৪ মার্চ থেকে নতুন করে অনুসন্ধান শুরু করা হয়েছে। গাবতলী ছাড়াও বগুড়ার কয়েকটি এলাকায় এ অনুসন্ধান চলছে।
অনুসন্ধান দলের কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘খনিজ সম্পদের আশায় আমরা অনুসন্ধান চালাচ্ছি। এখনো ইতিবাচক কোনো খবর দিতে পারছি না। তবে আশা করছি, এবারের অনুসন্ধানে ভালো কোনো খবর দিতে পারব।’
বাপেক্সের সহকারী ব্যবস্থাপক সামসুল হুদা পারভেজ বলেন, অনুসন্ধানী আরেকটি দল যমুনা নদীর ওপারে জামালপুরের মাদারগঞ্জে অনুসন্ধান চালায়। সেখানে মাটি পরীক্ষার কাজ শেষ পর্যায়ে। এখন নদীর তলদেশ হয়ে সারিয়াকান্দি ও গাবতলী এলাকায় অনুসন্ধান চলছে। মাটির নিচে প্রায় ৭৫ মিটার খনন করে সেখান থেকে উপাদান সংগ্রহ করে পরীক্ষার কাজ চলছে। পরীক্ষায় ইতিবাচক কিছু পাওয়া গেলেই পরবর্তী অনুসন্ধানকাজ চালানো হবে।
পেট্রোবাংলার জনসংযোগ কর্মকর্তা আরিফ উদ্দিন মৃধা বলেন, অনুসন্ধান চলছে। এ এলাকায় মাটির নিচে খনিজ সম্পদ আছে কি না, সেটা পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে। এ পর্যায়ে অনুসন্ধান চলবে ১৫ মার্চ পর্যন্ত।