সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) আজ ১৩ ফেব্রুয়ারি ২১ বছরে পদার্পণ করছে। দুই দশক পূর্তি উপলক্ষে ক্যাম্পাসে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে ১৯৯১ সালের ১৩ ফেব্রুয়ারি এ বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আজ সকাল সাড়ে নয়টার দিকে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। সকাল ১০টার দিকে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন।এ বছর প্রথমবারের মতো খেলাধুলার ক্ষেত্রে কৃতিত্বের জন্য দুজন শিক্ষার্থীকে ব্লু এবং গবেষণায় বিশেষ কৃতিত্বের জন্য দুই শিক্ষককে ‘উপাচার্য পদক’ দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুই দশক পূর্তিতে প্রতিষ্ঠাকালীন উপাচার্য মো. ছদরুদ্দিন আহমদ চৌধুরীকে সম্মাননা দেওয়া হবে। দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের ‘শিক্ষা আড্ডা’। বিকেল পাঁচটায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।