দুই দশকেও কিছুই করেননি মেয়ররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা দূর করতে ১৯৯৫ সালে জাতিসংঘের সহযোগিতায় ড্রেনেজ নিয়ে একটি মহাপরিকল্পনা করা হয়েছিল। প্রায় দুই দশক হয়ে গেলেও ওই মহাপরিকল্পনা অনুযায়ী জলাবদ্ধতা দূর করার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং এ সময়ে জলাবদ্ধতা আরও বেড়েছে। জাতীয় সংসদ নির্বাচন বা সিটি করপোরেশন নির্বাচন এলে সেই জলাবদ্ধতাই হয়ে ওঠে নগরের প্রধান নির্বাচনী ইস্যু।
সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত প্রকৌশলী ও নাগরিক আন্দোলনের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জলাবদ্ধতা নিয়ে রাজনীতিবিদেরা মাঠে যতটা সোচ্চার, ঠিক ততটাই নিষ্ক্রিয় যথাযথ পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে।
এ ছাড়া নগর পরিকল্পনার সঙ্গে যুক্ত সরকারি কর্মকর্তা ও নাগরিক আন্দোলনের কর্মীরা মনে করেন, খাল ও নালা-নর্দমা দখল হয়ে যাওয়া, নগরজুড়ে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিয়ম-নীতি না মেনে ভবন নির্মাণের কারণে জলাবদ্ধতা বাড়ছে উদ্বেগজনক হারে। তাঁদের মতে, নগরের জলাবদ্ধতা ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার জন্য সিডিএ, সিটি করপোরেশন, ওয়াসার পাশাপাশি জনগণের সচেতনতার অভাবও দায়ী।
মহাপরিকল্পনা ও সুপারিশ: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও জাতিসংঘের মানব বসতি কর্মসূচির (ইউএনসিএইচএস) সহায়তায় ১৯৯৫ সালে চট্টগ্রাম নগরের ড্রেনেজ মহাপরিকল্পনা তৈরি করা হয়। পুরো শহরকে ১০টি এলাকায় ভাগ করে কোথায় কী কাজ করতে হবে, তা পরিকল্পনায় বিস্তারিতভাবে বলা হয়েছে। এ ছাড়া ষোলশহর থেকে বহদ্দারহাট, বহদ্দারহাট থেকে কর্ণফুলী এবং শীতল খাল থেকে নয়া খাল—এ তিনটি নতুন খাল খননের সুপারিশ করা হয়।
মহাপরিকল্পনার সুপারিশগুলোর মধ্যে অন্যতম ছিল বিদ্যমান খালগুলোর সমস্যা খুঁজে বের করে সমাধান করা, নতুন খাল খনন, পুরোনো খালগুলোর গভীরতা ও প্রশস্ততা বাড়ানো, জলাধার নির্মাণ, জোয়ারের সময় নগরে পানি প্রবেশ ঠেকাতে কর্ণফুলী নদীর সংযোগ খালের মুখে জোয়ারনিয়ন্ত্রক স্থাপন ও নদীর দুই তীরে বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ।
মহাপরিকল্পনায় বলা হয়, বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় সিটি করপোরেশন বাদামতলী থেকে কর্ণফুলী নদী পর্যন্ত শেখ মুজিব কালভার্ট নির্মাণ করেছে। এ ছাড়া চাক্তাই ও মির্জা খাল সংস্কার করেছে। তাই সিটি করপোরেশন এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। এ ছাড়া নদীর তীরে জোয়ারনিয়ন্ত্রক স্থাপন ও বন্যানিয়ন্ত্রণ বাঁধ তৈরির কাজটি করবে পানি উন্নয়ন বোর্ড।
এ বিষয়ে জানতে চাইলে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী গতকাল মঙ্গলবার তাঁর বাসায় প্রথম আলোকে বলেন, ‘এককভাবে সিটি করপোরেশনের টাকায় শহরের জলাবদ্ধতা দূর করা সম্ভব নয়। তা ছাড়া, মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা করপোরেশনকে বলা হয়নি। এ জন্য কেউ টাকা দেবে, এ কথা কখনো সিটি করপোরেশনকে বলা হয়নি।’ তিনি বলেন, কর্ণফুলীতে পলি জমে যাচ্ছে। পরিকল্পিত ড্রেজিং না হওয়ায় নদীর পানির ধারণক্ষমতা কমছে। তাই বৃষ্টি ও জোয়ার একসঙ্গে হলে পানি নামতে পারে না। উল্টো নদীর পানি নগরে ঢুকে পড়ে।
এ বিষয়ে কিছুদিন আগে সাবেক হওয়া মেয়র মোহাম্মদ মনজুর আলমের গলায়ও প্রায় একই সুর। গত সপ্তাহে মনজুর আলম বলেন, নগরায়ণ, দখল, দূষণসহ সব মিলিয়ে জলাবদ্ধতা প্রকট হয়েছে। জলাবদ্ধতা শুধু সিটি করপোরেশনের বাজেট দিয়ে দূর করা অসম্ভব। তিনি বলেন, গত বছর জলাবদ্ধতা দূর করার জন্য একনেকে যে প্রস্তাবটি অনুমোদন পেয়েছে, সেটি মহাপরিকল্পনা অনুসরণে তৈরি করা হয়েছে।
নেই কোনো পদক্ষেপ: মহাপরিকল্পনার আলোকে মধ্য ও দীর্ঘমেয়াদি কোনো প্রকল্প নেওয়া দূরে থাক, বাস্তবায়নের জন্য কোনো প্রকল্প নেওয়া হয়নি। ১/১১-এর রাজনৈতিক পটপরিবর্তনের সময় সিডিএ একটি প্রকল্প নেয়। কিন্তু সেটি সিডিএর আওতার বাইরে বলে তা বাতিল করে দেয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। তবে গত বছর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) একমাত্র প্রস্তাব অনুমোদন পেয়েছে।
সিটি করপোরেশনের বিরুদ্ধেই অভিযোগ: খালের গতিপথ রুদ্ধ করে স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে খোদ সিটি করপোরেশনের বিরুদ্ধেই। বহদ্দারহাটের চান মিয়া সড়কের পাশের খালের ওপর কর কার্যালয়ের জন্য ২০০৩-০৪ সালে চারতলা ভবন নির্মাণ করে সিটি করপোরেশন। ফলে এক পাশে চাক্তাই খাল ও অন্য পাশে মির্জার খালের সঙ্গে যুক্ত খালটির প্রবাহ প্রায় বন্ধ হতে হতে মৃত খালে পরিণত হয়। সিডিএ বলছে, ওই ভবন নির্মাণ করে সিটি করপোরেশন খালটি হত্যা করেছে। এ ছাড়া প্রবর্তক এলাকার হিজড়া খালের ওপর করপোরেশন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণ করেছে।
দখলে খালের বিভিন্ন অংশ: শহরজুড়ে সব মিলিয়ে ১৬টি খালের অস্তিত্ব রয়েছে। সরেজমিন দেখা গেছে, মহেশ খাল, পাথরঘাটার মিয়াবিবি খাল, চান্দগাঁও এলাকার বংশাল খাল, ২ নম্বর গেটের চশমা খাল, পাহাড়তলীর কালিরছড়া ও মুরাদপুরের মির্জা খালের গুরুত্বপূর্ণ অংশ দখল করে প্রভাবশালী ব্যক্তিরা স্থাপনা নির্মাণ করেছেন। সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত কয়েকটি খালে অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও পুরোপুরি দখলমুক্ত করতে পারেননি।
খাল খননে সমস্যা: নগরের পানিনিষ্কাশনে মূল খাল রয়েছে ১৬টি। এর মধ্যে প্রধান দুটি হচ্ছে চাক্তাই ও মহেশ খাল। বিভিন্ন এলাকায় এই দুটি খালের দুই পাশ ঘেঁষে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের স্থাপনা। খালের পাশে সড়ক না থাকায় এসব জায়গায় খননযন্ত্র প্রবেশ করতে পারে না। খননের অভাবে পলি ও ময়লা-আবর্জনা জমে খালের এসব জায়গা ভরাট হয়ে যায়।
নগরের বিভিন্ন কালভার্টের নিচে ওয়াসা, গ্যাস বিতরণ কর্তৃপক্ষের পাইপলাইন রয়েছে। এতে ময়লা-আবর্জনা জমে যাওয়ায় পানিনিষ্কাশন বাধা পেয়ে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়।
সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, আইনেই বলা আছে, ড্রেনেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সিটি করপোরেশন। কিন্তু ২০ বছরেও তারা মহাপরিকল্পনার একটি প্রকল্পও বাস্তবায়ন করেনি। তবে দায়িত্বে না পড়লেও নগরের জলাবদ্ধতা নিরসন এবং ড্রেনেজ মহাপরিকল্পনা বাস্তবায়নে সিটি করপোরেশনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। বিগত সময়ে এ ব্যাপারে করপোরেশনের পক্ষ থেকে সিডিএর সহযোগিতা চাওয়া হয়নি বলে জানান আবদুচ ছালাম।
সচেতন নাগরিক কমিটি চট্টগ্রামের সভাপতি দেলোয়ার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশনের মেয়ররা ড্রেনেজ মহাপরিকল্পনাকে নিজেদের মনে করেননি। এটির পরীক্ষা-নিরীক্ষা করার প্রয়োজনও অনুভব করেননি। এমনকি জানার চেষ্টা করেননি, এতে কী আছে?’