দুই দশকেও চট্টগ্রাম বেতারের প্রচার পরিধি বাড়েনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সম্প্রচার পরিধি বাড়েনি। বরং মেয়াদ শেষ হয়ে যাওয়া দুটি সম্প্রচারযন্ত্র (একটি ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন) জোড়াতালি দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে। এ ধরনের নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে আজ বুধবার পালিত হচ্ছে বিশ্ব বেতার দিবস।এই সমস্যার কথা স্বীকার করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক কালুরঘাট উচ্চশক্তি প্রেরণকেন্দ্র-৪-এর একজন দায়িত্বশীল কর্মকর্তা। তিনি প্রথম আলোকে বলেন, ‘১০ বছরের মেয়াদের ট্রান্সমিটারগুলো দিয়ে ২৫-২৬ বছর ধরে ঝুঁকি নিয়ে কাজ চালানো হচ্ছে। বছর খানেক আগে একটি প্রকল্পের আওতায় এগুলোর যন্ত্রাংশ পাল্টানোর জন্য দরপত্র আহ্বান করা হয়। কিন্তু পরবর্তীকালে ঠিকাদার এ বিষয়ে উচ্চ আদালতে রিট করায় এ ক্ষেত্রে আর এগোনো যাচ্ছে না।’চট্টগ্রাম বেতারের জন্য ৫০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন নতুন সম্প্রচারযন্ত্র বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এ জন্য জায়গা অধিগ্রহণের প্রয়োজন রয়েছে। কারণ, কালুরঘাট সম্প্রচারকেন্দ্রের বর্তমান সীমিত পরিসরে এটি বসানো সম্ভব নয়।বেতার সূত্র জানায়, চট্টগ্রাম নগরের কালুরঘাট প্রেরণকেন্দ্রে ১৯৮৮ সালে ১০০ কিলোওয়াট ক্ষমতার দুটি সম্প্রচারযন্ত্র (ট্রান্সমিটার) বসানো হয়। কিন্তু ২০০৭ সালের ঝড়ে এ দুটির সংযোগ স্থাপনকারী যন্ত্রটি বিকল হয়ে যাওয়ার পর থেকে আর ১০০ কিলোওয়াট একসঙ্গে চালানো সম্ভব হচ্ছিল না। ৫০ কিলোওয়াট করে চালানো হচ্ছিল। এতে সম্প্রচার পরিধি কমে যায়। এ ছাড়া বিদ্যুতের লো ভোল্টেজের কারণেও সম্প্রচারক্ষমতা আরও কমে যায়। ১১ কেভির জায়গায় বর্তমানে ৯ কেভিরও কম বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এতে করে চট্টগ্রাম নগরের বাইরের শ্রোতারা বেতারের অনুষ্ঠান ভালোভাবে শুনতে পারেন না। আবার মাঝেমধ্যে অনুষ্ঠান সম্প্রচার বন্ধ হয়ে পড়ে। অভিযোগ রয়েছে, বিভিন্ন সময়ে বেতারকেন্দ্রের প্রকৌশল বিভাগে অভিজ্ঞ লোকজনের অভাবে যথা সময়ে সমস্যা চিহ্নিত হয়নি। ফলে সমস্যা সমাধানের উদ্যোগেও দীর্ঘসূত্রতা দেখা দেয়। চট্টগ্রাম বেতারকেন্দ্র থেকে প্রতিদিন দুটি অধিবেশনে ১৫ ঘণ্টা ৪০ মিনিটের অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে। সকাল সাড়ে ছয়টা থেকে ১০টা পর্যন্ত চলে প্রথম অধিবেশন। দুপুর ১২টা থেকে রাত ১১টা ১০ মিনিট পর্যন্ত দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম চলে।