দুই দশকেও বাস্তবায়িত হয়নি কর্ণফুলী আবাসিক প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি-সংযোগের অভাবে ২০ বছরেও আবাসন গড়ে ওঠেনি কর্ণফুলী আবাসিক এলাকায়। এ কারণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) অন্যতম বৃহৎ এ প্রকল্প প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। চট্টগ্রামের তৃতীয় কর্ণফুলী সেতুর (শাহ আমানত সেতু) দক্ষিণ পারে প্রায় ৫০ একর জায়গায় এ প্রকল্প অবস্থিত। চউক সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরের আবাসন-সংকট ও যানজট সমস্যা নিরসনে ১৯৯২-৯৩ অর্থবছরে এ প্রকল্প হাতে নেয় চউক। তখন প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১২ কোটি ৬০ লাখ টাকা।
প্রকল্প এলাকায় প্রথম প্লট বরাদ্দ দেওয়া হয় ১৯৯৪ সালে। তিন ও চার কাঠা আয়তনের মোট ৫১৭টি প্লট বরাদ্দ দেওয়া হয়। প্রথম দফায় প্রতি কাঠার দাম ছিল ৮০ হাজার টাকা। পরে কাঠাপ্রতি দাম ছিল দেড় লাখ টাকা। প্লট গ্রহীতাদের অভিযোগ, আবাসিক প্রকল্পে পানি, বিদ্যুৎ, গ্যাস ও টেলিফোন-সংযোগের প্রধান লাইন স্থাপনের দায়িত্ব চউকের। পাঁচ বছর আগে বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ স্থাপন করা হয়েছে। কিন্তু পানির সংযোগ দেওয়া হয়নি।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর প্রকল্প এলাকায় প্লটের মালিকদের অর্থে ওয়াসার মাধ্যমে পানির সংযোগ দেওয়ার চেষ্টা করেছিলাম। এতে প্লট মালিক সমিতি রাজি ছিল। কিন্তু সেখানে পানি পাওয়ার কথা জানিয়ে পিছিয়ে আসে তারা।’ তিনি জানান, প্লট মালিক সমিতি পরবর্তী সময়ে তাঁর সঙ্গে আর যোগাযোগ করেনি।
চউক সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ১৪ ফেব্রুয়ারি প্রকল্প এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনে ‘এক্সপ্ল্যানেশন অব ইন্টারেস্ট’ দরপত্র প্রকাশ করে চউক।
এ ছাড়া সুপেয় পানির জন্য প্রকল্প এলাকায় ১০০ ফুট গভীর খনন করা হয়েছিল। কিন্তু পানিতে আয়রন ও লবণাক্ততা থাকার কারণে সে উদ্যোগও ভেস্তে যায়। এর আগে বিভিন্নভাবে পানির সংযোগ দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু কোনোবারই সফলতার মুখ দেখেনি। কর্ণফুলী চউক প্লট মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন বলেন, ‘চউক চেয়ারম্যানরা প্রকল্প এলাকায় দুই দশক ধরে পানির সংযোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। তাই প্রকল্প এলাকায় বাড়ি নির্মাণ করতে পারছি না।’ বতর্মান চেয়ারম্যানের প্রস্তাব প্রসঙ্গে মোহাম্মদ ইয়াছিন বলেন, ‘তিনি (চেয়ারম্যান) আমাদের মৌখিকভাবে প্রস্তাব দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিলে আমরা চিন্তাভাবনা করব।’ প্রকল্প পরিচালক ও চউকের নির্বাহী প্রকৌশলী নূরুল আলম ভুঁইয়া বলেন, ‘প্রকল্প এলাকায় পানি-সংযোগ দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছি। এখন ওয়াসার “কর্ণফুলী পানি শোধনাগার” প্রকল্পের মাধ্যমে পানি-সংযোগ দেওয়ার চিন্তাভাবনা রয়েছে।’