মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর উপকণ্ঠ সাভার মডেল থানার সেই উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) চার কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।ঢাকার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশে গত বুধবার এ মামলা করা হয়। অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন: এসআই পল্টু ঘোষ, এএসআই জাফর ইকবাল, কনস্টেবল আবদুল মালেক, হুমায়ুন কবীর, লুৎফর রহমান ও রহমত আলী। সাভার মডেল থানাকে জড়িয়ে ‘থানায় ফেনসিডিল ব্যবসা’ শিরোনামে গত ৮ মে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে অভিযোগ তদন্তে ঢাকা রেঞ্জের পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) আবদুল্লাহ আল মামুন ও ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়াকে প্রধান করে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।উভয় তদন্ত কমিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তদন্তকালে কমিটির সদস্যরা অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে থানা থেকে ফেনসিডিল বিক্রির অভিযোগের সত্যতা পান। এর পর তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দেওয়া তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। ওই সুপারিশের পরিপ্রেক্ষিতেই গত বুধবার অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।