দুই দিন ধরে অন্ধকারে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীতে গ্রিড উপকেন্দ্রে যান্ত্রিক গোলযোগের কারণে খাগড়াছড়ি পুরো জেলাসহ রাঙামাটি জেলার তিন উপজেলা বাঘাইছড়ি, লংগদু ও নানিয়ারচরে দুই দিন ধরে বিদ্যুৎ নেই। খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আবদুস সালাম বলেন, হাটহাজারী বিদ্যুৎ উপকেন্দ্রে যান্ত্রিক গোলযোগের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, এ যান্ত্রিক গোলযোগ সারাতে সময়ের প্রয়োজন।

বিদ্যুৎ না থাকায় জেলা হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। হাসপাতালের চিকিৎসক রাজশ্রী চাকমা জানান, বিদ্যুৎ না থাকায় শিশু ও প্রসূতিদের জরুরি সেবাদানেও ব্যাঘাত ঘটছে। এ ছাড়া হাসপাতালের রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হচ্ছে না। পানি না থাকায় হাসপাতালের বাথরুমের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছে। খাগড়াছড়ি বাজারের ব্যবসায়ী সেলিম হোসেন বলেন, রোজার সময় বিদ্যুৎ নেই। তীব্র গরমে ক্রেতারাও তেমন কেনাকাটা করতে আসছে না।

খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ কার্যালয়ের কর্মকর্তারা জানান, ‘চট্টগ্রামের হাটহাজারী থেকে খাগড়াছড়ি পর্যন্ত ১১০ কিলোমিটার ৩৩ কেভির দীর্ঘ লাইন রয়েছে। এ লাইন সচল রাখা এমনিতেই আমাদের পক্ষে খুব দুরূহ। তার ওপর হাটহাজারীতে যান্ত্রিক ত্রুটি মড়ার উপর খাড়ার ঘায়ে পরিণত হয়েছে।’