দুই দিন ধরে আমদানি-রপ্তানি বন্ধ ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতি ও সিঅ্যান্ডএফ এজেন্ট সমিতির ধর্মঘটে দুই দিন ধরে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। রাজধানী ঢাকা থেকে ভারতের আগরতলা পর্যন্ত আন্তর্জাতিক সড়কের আখাউড়া অংশের ১৬ কিলোমিটার সড়ক পণ্যবাহী ভারী যান চলাচলের উপযোগী করার দাবিতে গত সোমবার থেকে এই ধর্মঘট চলছে।যোগাযোগ করা হলে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবদুল মান্নান জানান, সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বৈঠক হয়েছে। সড়কটি মেরামতের কাজ চলছে। এ ছাড়া অল্প দিনের মধ্যে সড়কটি ভারী যান চলাচলের উপযোগী করার কাজও শুরু হবে। এ কাজের জন্য বরাদ্দও আছে। ধর্মঘট প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ জানানো হয়েছে।তবে সিঅ্যান্ডএফ এজেন্ট সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন গতকাল মঙ্গলবার বলেন, পণ্যবাহী ট্রাক চলাচলের সম্পূর্ণ উপযোগী না করা পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়া হবে।বন্দরের শুল্ক কর্মকর্তা মো. আবুল বাশার চৌধুরী জানান, টানা দুই দিন ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে বন্দর দিয়ে প্রায় দুই কোটি টাকার পণ্য রপ্তানি করা সম্ভব হয়নি।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই সড়ক দিয়ে প্রতিদিন ঢাকা-আগরতলা পথে বাস, ত্রিপুরাসহ কয়েকটি রাজ্যে পণ্যবোঝাই ট্রাক, আখাউড়া-কসবা ও ধরখার হয়ে কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকার পথে শত শত যান চলাচল করে। এ ছাড়া গত ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় ভারতের শিলঘাট বাংলাদেশকে এবং বাংলাদেশের আশুগঞ্জ ভারতকে ‘পোর্টকল’ হিসেবে ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। অর্থাৎ নৌপথে পণ্য এনে স্থল বা রেলপথে বাংলাদেশ ও ভারত পণ্য পরিবহনের সুবিধা পাবে। এর ফলে ঢাকা-আগরতলা সড়ক দিয়ে যান চলাচল আরও বাড়বে।বন্দরের ব্যবসায়ী, ট্রাকের মালিক ও চালকেরা জানান, সড়কটি ভারী যান চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। বিশেষ করে ধরখারের ভাটামাথা বেইলি সেতুর পর থেকে টানমান্দাইল পর্যন্ত দুই কিলোমিটার সড়কের পিচ উঠে গিয়ে ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। প্রায় প্রতিদিনই এসব গর্তে পণ্যবাহী ভারী যানের চাকা আটকে যায়। এতে ঘণ্টার পর ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। এ কারণে দীর্ঘদিন ধরেই আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির কাজ ব্যাহত হচ্ছে।আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বলেন, সড়কটি ভারী যান চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ে বারবার লিখিত আবেদন করেও কোনো লাভ হয়নি। এখন যে মেরামতের কাজ চলছে, তাতে পণ্যবাহী ট্রাক চলাচলের জন্য সড়কটি সম্পূর্ণ উপযোগী হবে না। ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা গেছে, সড়কটি ১০ থেকে ১২ টন পণ্যবোঝাই ট্রাকের ভার সহ্য করতে পারে। কিন্তু সড়ক দিয়ে প্রতিদিন শতাধিক ২০ থেকে ২৫ টন পণ্যবোঝাই ট্রাক চলাচল করে। তাই সড়কটি সব সময় চলাচলের উপযোগী রাখা সম্ভব হয় না।ব্রাহ্মণবাড়িয়া সওজের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কের আখাউড়ার ধরখার থেকে স্থলবন্দর পর্যন্ত ১৬ কিলোমিটার অংশ মেরামতের কাজ চলছে। তবে এই মেরামতের মাধ্যমে সড়কটি পণ্যবাহী ট্রাক চলাচলের জন্য সম্পূর্ণ উপযোগী করা সম্ভব নয় বলে জানান তিনি।