দুই দিন ধরে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা
দুই দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বাতাসের গতিবেগও বেশি। এ কারণে তীব্র শীতে জবুথবু হয়ে পড়েছে চুয়াডাঙ্গাবাসী।
এদিকে শীতের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোগবালাই। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। তারা ডায়রিয়া ও শ্বাসকষ্টে ভুগছে। শীতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষেরা পড়েছে চরম দুর্ভোগে।
আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড অনুযায়ী গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি বছরের মধ্যেও সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল ওই তাপমাত্রা কিছুটা বেড়ে দাঁড়ায় ৯ ডিগ্রি সেলসিয়াসে।
সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মাহবুবুর রহমান বলেন, গতকাল ওই ওয়ার্ডে ১৪ শয্যার বিপরীতে ৪০টি শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। যাদের বেশির ভাগই শীতজনিত ডায়রিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত। একই হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ পরিতোষ কুমার ঘোষ বলেন, তীব্র শীতে শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যাও বাড়ছে।
চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন পাড়ার বাসিন্দা রিকশাচালক লেনিন হোসেন বলেন, ‘কদিন ধইরে কালা ঠান্ডা পড়চে। ঠান্ডার জন্যি রিশকা চালানোই যাচ্চে না। পেটের দায়তি রিশকা চালাতি বের হলিউ মানুষ ঘর থেকেই বের হচ্চে না।’ মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের নৈশপ্রহরী আলমাস হোসেন বলেন, ‘সারা রাত ধইরে কুড়ানো কাগজ জ্বালিয়ে সুমায় পার করতি হচ্চে। শীতি ডিউটি করায় বিপদ হয়ে পড়েচে।’
সদর উপজেলার খেজুরতলা গ্রামের দিনমজুর আবদুল্লাহ বলেন, ‘ঠান্ডাতি ঘর থেইকে বের হওয়া যাচ্চে না। কিন্তু বের না হলি কাজ পাবো কনে। প্যাটের দায়তি ঠান্ডার মদ্যিই কাজ করতি হচ্চে।’
সর্বনিম্ন তাপমাত্রার বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবারের তুলনায় গতকাল তাপমাত্রা কিছুটা বাড়লেও বাতাসের গতি বেড়ে যাওয়ায় শীত বেশি অনুভূত হয়।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুহেল মাহমুদ জানান, শীতার্ত মানুষের জন্য দুই হাজার ৮৪টি কম্বল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) দপ্তরে পাঠানো হয়েছে।