সড়কগুলো দেখাচ্ছিল খালের মতো। ঘণ্টার পর ঘণ্টা আটকে আছে বৃষ্টির পানি। কোথাও কোথাও বৃষ্টির পানির সঙ্গে সুয়ারেজের পানি মিশে দুর্গন্ধময় হয়ে আছে আশপাশ। এর ভেতর দিয়ে যাচ্ছে রিকশা, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি। আর যানবাহন না পেয়ে হেঁটে পানি ভেঙে রওনা দিয়েছে অনেকে। তাদের মধ্যে স্কুলফেরত শিক্ষার্থীরাও শত শত। দৃশ্যটি মালিবাগ-মৌচাক-সিদ্ধেশ্বরী রোডের।
গত মঙ্গলবার ও গতকাল বুধবারের ভারী বৃষ্টি মালিবাগ থেকে সিদ্ধেশ্বরী এলাকায় সৃষ্ট জলজট দুর্বিষহ জনভোগান্তির কারণ হয়েছে। স্কুলগুলোতে এখন চলছে ষাণ্মাসিক পরীক্ষা। ভিকারুননিসা নূন, সিদ্ধেশ্বরী বালক ও বালিকা, মগবাজার বালিকা বিদ্যালয় এবং সিদ্ধেশ্বরী মহিলা কলেজ, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে এই এলাকায়। এসব প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা যাতায়াত করেন সিদ্ধেশ্বরী রোড, সিদ্ধেশ্বরী লেন, কালীমন্দির রোড, সিদ্ধেশ্বরী সার্কুলার রোডসহ এলাকার সরু গলিগুলো দিয়ে।
গত দুই দিনের বৃষ্টিতে এসব সড়ক ও গলিগুলোর অধিকাংশই জলমগ্ন হয়ে পড়ে। প্রবল যানজট দেখা দেয়। স্কুলগুলোতে পরীক্ষা শেষে দুপুর ১২টার দিকে হাজার হাজার শিক্ষার্থী একসঙ্গে বেরিয়ে এলে বেইলি রোড থেকে আশপাশে এলাকার সড়কগুলো স্থবির হয়ে পড়ে। যানবাহন না পেয়ে জলমগ্ন পথে অনেক শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হেঁটে যেতে দেখা যায়।
এদিকে ঢাকার অন্যতম ব্যস্ত মার্কেট মৌচাকে গতকাল বেলা তিনটার সময়ও নিচের তলায় পানি জমে ছিল। দোকানিদের পানি সেচে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে দেখা যায়। মৌচাকের বিশ্ব সুন্দরী জুয়েলার্সের ব্যবস্থাপক শরিফুল ইসলাম বললেন, গত দুই দিনে তাঁদের কোনো বিক্রি হয়নি। জুতার দোকান বাটার এজেন্ট মো. আলমগীর বললেন, এই মার্কেটে ৪০ বছর থেকে তিনি ব্যবসা করছেন। এর মধ্যে গত বছর থেকে জলজট নিয়ে যে ভয়ানক অবস্থায় পড়েছেন, এমন অবস্থা আগে হয়নি। রোজার মাসে পাঁচ দিন মার্কেটের ভেতরে পানি উঠেছিল। ঈদের পর থেকেও বৃষ্টি হলেই পানি চলে আসছে। মূলত ফ্লাইওভার নির্মাণের কারণে সামনের সড়কের নর্দমা বন্ধ হয়ে যাওয়ায় এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে তিনি জানালেন। এই জলাবদ্ধতার কারণে মার্কেটের ব্যবসায়ীরা ভয়ানক আর্থিক ক্ষতিতে পড়েছেন।
আনারকলি সুপার মার্কেটের সামনের সড়কে সুয়ারেজের পানি আর বৃষ্টির পানি মিশে গেছে। মার্কেটের প্রসাধনীর দোকান প্রিয়া কালেকশনের মালিক মো. খোকন বললেন, ‘আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। গত দুই বছর থেকে পুরো বর্ষা মৌসুমে বেচাকেনা হয় না বললেই চলে। এবার ঈদের সময় সপ্তাহখানেক মার্কেট বন্ধই রাখতে হয়েছে। অথচ প্রতি মাসেই দোকান ভাড়া, কর্মচারীর বেতন, সার্ভিস চার্জ দিতে গিয়ে পুঁজি ভেঙে খেতে হচ্ছে।’
জলাবদ্ধতার প্রভাব পড়েছে মহল্লার ভেতরের গলিগুলোর দোকানের ব্যবসাতেও। কালীমন্দির রোডের জয় মা মিষ্টিঘরের মালিক অমিত ঘোষ জানালেন, এলাকার সব কটি নর্দমা বন্ধ হয়ে গেছে। সিদ্ধেশ্বরী রোডের পাশে কোনো নর্দমাই নেই। পানি নামতে পারছে না। গত বছর কালীমন্দির রোডে পানি জমেনি, এবার বৃষ্টি হলেই এই সড়কেও জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা পানি আটকে থাকে। রাস্তায় পানি থাকলে লোকে দোকানে আসতে চান না। এতে তাঁদের বিক্রি কমে গেছে। এই জলাবদ্ধতায় নাগরিক দুর্ভোগের পাশাপাশি ব্যবসায়ীরাও পড়েছেন আর্থিক ক্ষতির মুখে।